মাগুরায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফিরোজ বিশ্বাস (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সদর উপজেলার চাঁদপুর পশ্চিমপাড়া এলাকায় গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহত ফিরোজ বিশ্বাস চাঁদপুর গ্রামের ইসারত বিশ্বাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে বিদ্যুতের খুঁটির নিচে একজনকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তার পাশেই ট্রান্সফরমার চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম পড়ে ছিল। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দা আজমল বিশ্বাস বলেন, ‘বিদ্যুতের খুঁটির নিচে ফিরোজের মরদেহ পড়ে ছিল। পাশে ট্রান্সফরমার চুরির বিভিন্ন যন্ত্রপাতিও পাওয়া যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।’
মাগুরা সদর থানার এসআই আতাউল গনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফিরোজ বিশ্বাসের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলার প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনাটির প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত করছে।
মো. মিনারুল ইসলাম জুয়েল/কেজে/এএসএম








