নির্মাণকাজ সম্পন্ন হওয়ার পর রাজশাহীর ‘নজরুল ভিলেজ’ প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিয়ে উদ্বোধন করানো হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি।
শনিবার (১৮ জুলাই) সকাল ১১টায় রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানার বিপরীতে জেলা প্রশাসনের উদ্যোগে নির্মাণাধীন ‘নজরুল ভিলেজ’- এর স্মারক ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, আজ ‘নজরুল ভিলেজ’-এর ফলক উন্মোচন করেছি। প্রকল্পের নির্মাণকাজ সম্পন্ন হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজশাহীতে নিয়ে এসে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
ফলক উন্মোচনের পর মন্ত্রী মোনাজাতে অংশ নেন এবং একটি গাছ রোপণের মাধ্যমে প্রকল্পের সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, কবিতা ও গান নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ‘নজরুল ভিলেজ’-এর আওতায় ‘নজরুল মঞ্চ’ ও ‘নজরুল কর্নার’ নির্মাণ করা হচ্ছে। উন্মুক্ত ও বৃক্ষশোভিত এই প্রাঙ্গণে বছরজুড়ে সাহিত্য, সংগীত, নাটক ও অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ড অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, প্রকল্প এলাকায় কোনো বহুতল ভবন নির্মাণ করা হবে না। এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। ব্যক্তি বা সাংস্কৃতিক সংগঠনগুলো এখানে এসে নজরুলের সাহিত্য, নাটক, পালাগানসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে।
আরও পড়ুন
ভূমিমন্ত্রী / মেধাবীদের যথাযথ মূল্যায়নে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব
জেলা প্রশাসক জানান, প্রকল্পটির জন্য প্রাথমিকভাবে বিভিন্ন উৎস থেকে ২৫ লাখ টাকার তহবিল সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ‘নজরুল মঞ্চ’ নির্মাণে আনুমানিক ১০ থেকে ১২ লাখ টাকা ব্যয় হবে। মঞ্চ ও কর্নারের চারপাশে ব্যাপক বৃক্ষরোপণ করা হবে, যাতে দর্শনার্থী ও শিল্পীরা প্রাকৃতিক পরিবেশে বসে সাংস্কৃতিক চর্চা করতে পারেন।
তিনি আরও জানান, নজরুল চর্চাকে সারা বছর ধারাবাহিকভাবে এগিয়ে নিতে একটি ‘নজরুল ক্যালেন্ডার’ প্রণয়ন করা হয়েছে। এ ক্যালেন্ডার অনুযায়ী নিয়মিত সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। প্রকল্পটি ধাপে ধাপে বাস্তবায়ন করা হলেও আগামী মাসের নির্ধারিত অনুষ্ঠানগুলো এই প্রাঙ্গণে আয়োজনের লক্ষ্যে ‘নজরুল মঞ্চ’-এর নির্মাণকাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীসমাজের প্রতিনিধি এবং সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মনির হোসেন মাহিন/এসজেডএইচ/এএসএম








