কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে নিজ বাড়ির সামনে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) নিহতের স্ত্রী তসলিমা আক্তার চৌধুরী বাদী হয়ে মিঠামইন থানায় তিনজনের নাম উল্লেখ ও ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করে মামলাটি করেন।

মিঠামইন থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ার হোসেন এ তথ্য জানিয়েছেন।

আরো পড়ুন: মিঠামইনে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, আটক ১

আসামিরা হলেন- বরগুনার বামনা উপজেলার চাকাতাসুনিয়া গ্রামের মৃত সুলতান মীরনের ছেলে মো. হেলাল (২৪), লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সুধামপুর গ্রামের নূর হোসেনের ছেলে মহিন উদ্দিন ও একই উপজেলার মধ্যপাড়া গ্রামের মো. রহমত উল্লাহ খোকনের ছেলে শাহিন আলম ওরফে শাকিল।

বুধবার (১৫ জুলাই) রাত ১০টার দিকে মিঠামইন উপজেলা সদরের বেড়িবাঁধ এলাকায় জাহাঙ্গীরকে কুপিয়ে ও ছুরিকাঘাতে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। এসময় তার সঙ্গে থাকা বিএনপি কর্মী হাদিস মিয়াকেও কুপিয়ে আহত করা হয়। আশঙ্কাজনক অবস্থায় দুজনকেই জেলা সদরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের নেওয়ার পর চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর ওই রাতেই পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। আজ তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

ওসি মনোয়ার হোসেন জানান, হত্যাকাণ্ডর মূল কারণ উদঘাটনসহ ঘটনায় জড়িত অন্য আসামিদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।