মেডিকেল ভর্তি পরীক্ষার (নিট-ইউজি) প্রশ্নপত্র ফাঁস, ভারতের প্রস্তাবিত কৃষি চুক্তি এবং জম্মু-কাশ্মীরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদার দাবিতে ত্রিমুখী আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে রাজধানী নয়াদিল্লি। শিক্ষার্থী, কৃষক ও কাশ্মীরি রাজনৈতিক কর্মীদের এই সম্মিলিত বিক্ষোভে মোদি সরকার বড় ধরনের প্রশাসনিক ও রাজনৈতিক চাপের মুখে পড়েছে।শিক্ষার্থীদের অনড় অবস্থাননিট পরীক্ষায় অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ও শিক্ষাব্যবস্থায় সংস্কারের দাবিতে আন্দোলন করছে যুব ও শিক্ষার্থীদের সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। সোমবার (২০ জুলাই) যন্তর মন্তরে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ১৮০ জন আহত হয়েছেন। এর মধ্যে ১১৮ জন পুলিশ সদস্য এবং ৬০ জন শিক্ষার্থী রয়েছেন।সহিংসতার অভিযোগে প্রায় ৭০ জনকে আটক করা হলেও বিক্ষোভকারীরা মাঠ ছাড়েননি। মঙ্গলবার (২১ জুলাই) ভোরে বৃষ্টির মধ্যেই যন্তর মন্তরে পুনরায় অস্থায়ী তাবু গেড়ে অবস্থান নিয়েছেন তারা। তাদের দাবি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা একচুলও নড়বেন না।সীমান্তে কৃষকদের অবরোধএদিকে ভারত-মার্কিন প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তির প্রতিবাদে ‘দেশ বাঁচাও মোর্চা’র ব্যানারে ‘কিসান মহাপঞ্চায়েত’-এ যোগ দিতে আসা কয়েক হাজার কৃষককে পাঞ্জাব-হরিয়ানার শম্ভু সীমান্তে আটকে দিয়েছে পুলিশ। কিষাণ ঘাটে আয়োজিত এই সমাবেশে কৃষকদের পৌঁছাতে বাধা দিতে ঘাগ্গর নদীর ব্রিজের ওপর ব্যারিকেড দেওয়া হয়েছে। কৃষক নেতা সারওয়ান সিং পান্ধের অভিযোগ, সরকার শান্তিপূর্ণ প্রতিবাদ স্তব্ধ করতে দমনমূলক পথ বেছে নিয়েছে। কৃষকদের আশঙ্কা, এই চুক্তি কার্যকর হলে বিদেশি পণ্যের দাপটে স্থানীয় চাষিরা দেউলিয়া হয়ে পড়বেন।কাশ্মীরের মর্যাদা ফেরানোর দাবিএকই সময়ে দিল্লির প্রতিবাদ মঞ্চে দাঁড়িয়ে জম্মু-কাশ্মীরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা ও ৩৭০ অনুচ্ছেদ পুনর্বহালের জোরালো দাবি জানিয়েছেন শ্রীনগরের সংসদ সদস্য আগা সৈয়দ রুহুল্লাহ মেহেদি। তিনি বলেন, ২০১৯ সালের ৫ আগস্ট কেড়ে নেওয়া সাংবিধানিক অধিকার ও পরিচয় ফিরিয়ে না দেওয়া পর্যন্ত লড়াই চলবে। যন্তর মন্তরে সিজেপি আয়োজিত সমাবেশে কয়েকশ কাশ্মীরি কর্মী এই দাবিতে সংহতি প্রকাশ করেন।দিল্লির এই উত্তাল পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে প্রশাসন। আদালতও প্রশাসনকে আন্দোলন দমনে আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ দিয়েছেন।
রাজনীতি
ত্রিমুখী আন্দোলনে উত্তাল নয়াদিল্লি, চাপে মোদি সরকার

শেয়ার করুন







