ময়মনসিংহের ত্রিশালে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মসজিদের একজন ইমামকে গণপিটুনি ও জুতার মালা পরিয়ে দেয় এলাকাবাসী। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
আজ শুক্রবার দুপুরে উপজেলার মোক্ষপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। আটক ইমামের নাম সাইফুল ইসলাম খোকা। তাঁর বাড়ি মোক্ষপুর ইউনিয়নের সাপখালী গ্রামে।
মোক্ষপুর ইউনিয়ন পরিষদের সদস্য গোলাম মোস্তফা বলেন, ‘ওই ইমাম মসজিদেই বসবাস করতেন। শিশুটির বাড়িও মসজিদের পাশেই। দুপুর ১২টার দিকে শিশুটিকে ডেকে মসজিদে নিয়ে যান। পরে এ বিষয়ে জানতে পেরে আমি মসজিদের ফাঁক দিয়ে শিশুটিকে উলঙ্গ অবস্থায় দেখতে পাই।’
এ ইউপি সদস্য বলেন, ‘বাজারের লোকজন জড়ো হয়ে ইমামকে আটক করে। পরে জুতার মালা পরিয়ে মারধর করা হয়। ৯৯৯ এ ফোন করা হলে পুলিশ এসে তাঁকে হেফাজতে নেয়।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে ত্রিশাল থানার উপপরিদর্শক বাবুল বলেন, ‘ওই ইমাম দুপুরের দিকে মসজিদের পাশে একটি বাড়ির এক শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেছেন। ইমামকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
উল্লেখ্য, গত ২০ ও ২২ জুন উপজেলার চিকনা মনোহর ও বালিপাড়ার দুই মসজিদে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে আটক হন দুই ইমাম।








