তিন বছর আগের ভয়াবহ অর্থনৈতিক সংকট কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলংকা। এ সাফল্যের স্বীকৃতিস্বরূপ দেশটিকে নিম্ন-মধ্যম আয়ের দেশ থেকে উচ্চ-মধ্যম আয়ের দেশের মর্যাদা দিয়েছে বিশ্বব্যাংক। ২০২২ সালের সেই সংকটে দ্বীপরাষ্ট্রটির অর্থনীতি প্রায় ধসে পড়ার মুখে পড়েছিল। বিশ্বব্যাংকের বুধবার প্রকাশিত সবশেষ আয়ভিত্তিক শ্রেণিবিন্যাসে শ্রীলংকাকে নিম্ন-মধ্যম আয়ের দেশ থেকে উচ্চ-মধ্যম আয়ের দেশের তালিকায় উন্নীত করেছে। ২০২৫ সালে দেশটির অর্থনীতি তথা মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করায় আয়ের দিক থেকে দেশটির পুনঃশ্রেণিবিন্যাস করে বিশ্বব্যাংক। শিল্প খাতের পুনরুদ্ধার, পর্যটন এবং আর্থিক সেবা খাতের প্রবৃদ্ধি দেশটির অর্থনৈতিক সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশ্বব্যাংক বিভিন্ন দেশকে চারটি আয়ভিত্তিক শ্রেণিতে ভাগ করে থাকে। উচ্চ আয়, উচ্চ-মধ্যম আয়, নিম্ন-মধ্যম আয় ও নিম্ন আয়। শ্রীলংকার এই নতুন মর্যাদা সাম্প্রতিক আর্থিক সংকট কাটিয়ে অর্থনীতির পুনরুদ্ধারের একটি প্রতীকী মাইলফলক হিসাবে বিবেচিত হচ্ছে। দ্য হিন্দু।
রাজনীতি
উচ্চ-মধ্যম আয়ের দেশের মর্যাদা পেল শ্রীলংকা

শেয়ার করুন







