উচ্চমানের শিক্ষা, গবেষণার সুযোগ, তুলনামূলক কম খরচ এবং বৈশ্বিক কর্মসংস্থানের সম্ভাবনার কারণে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে জার্মানি দীর্ঘদিন ধরে জনপ্রিয় উচ্চশিক্ষার গন্তব্য। টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৬-এ জার্মানির বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় বিশ্বের সেরা ১০০ প্রতিষ্ঠানের মধ্যে স্থান পেয়েছে। বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনা করছেন এমন শিক্ষার্থীদের জন্য জার্মানির শীর্ষ ছয়টি বিশ্ববিদ্যালয় সম্পর্কে সংক্ষেপে তুলে ধরা হলো।
বিশ্ব র্যাঙ্কিংয়ে ২৭তম অবস্থানে রয়েছে টেকনিক্যাল ইউনিভার্সিটি অব মিউনিখ (টিইউএম)। প্রকৌশল, প্রযুক্তি, প্রাকৃতিক বিজ্ঞান ও উদ্ভাবনভিত্তিক শিক্ষায় প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে পরিচিত। শিল্পপ্রতিষ্ঠান এবং গবেষণা সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার কারণে শিক্ষার্থীরা ইন্টার্নশিপ, গবেষণা ও স্টার্টআপ কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পান। ইংরেজি মাধ্যমে বিভিন্ন ডিগ্রি, আন্তর্জাতিক শিক্ষার্থীবান্ধব পরিবেশ এবং স্নাতকদের উচ্চ কর্মসংস্থানের হার বিশ্ববিদ্যালয়টিকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় করে তুলেছে।
বিশ্ব র্যাঙ্কিংয়ে ৩৪তম স্থানে এলএমইউ মিউনিখ ইউরোপের অন্যতম শীর্ষ গবেষণা বিশ্ববিদ্যালয়। মানবিক ও সামাজিক বিজ্ঞান, চিকিৎসাবিজ্ঞান, আইন এবং প্রাকৃতিক বিজ্ঞানে এর বিশেষ সুনাম রয়েছে। দীর্ঘ একাডেমিক ঐতিহ্যের পাশাপাশি আধুনিক গবেষণা সুবিধা এবং আন্তর্জাতিক বিনিময় কর্মসূচির কারণে এটি বিদেশি শিক্ষার্থীদের কাছে জনপ্রিয়।
১৩৮৬ সালে প্রতিষ্ঠিত হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয় বিশ্বের প্রাচীন এবং মর্যাদাপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি। টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিংয়ে এর অবস্থান ৪৯তম। চিকিৎসাবিজ্ঞান, জীবনবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও মানবিক বিষয়ে গবেষণার জন্য বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। শতাধিক দেশের শিক্ষার্থী এখানে পড়াশোনা করতে আসেন।
বিশ্ব র্যাঙ্কিংয়ে ৮৯তম স্থানে রয়েছে হামবোল্ট ইউনিভার্সিটি অব বার্লিন। অনেক নোবেলজয়ী ও খ্যাতিমান গবেষকদের সঙ্গে বিশ্ববিদ্যালয়টির নাম জড়িয়ে আছে। সামাজিক বিজ্ঞান, মানবিক বিজ্ঞান, অর্থনীতি ও প্রাকৃতিক বিজ্ঞানে এর সুনাম রয়েছে। জার্মানির রাজধানী বার্লিনে অবস্থানের কারণে শিক্ষার্থীরা সমৃদ্ধ একাডেমিক এবং সাংস্কৃতিক পরিবেশেরও অভিজ্ঞতা লাভ করেন।
বিশ্ব র্যাঙ্কিংয়ে ৯১তম অবস্থানে থাকা শারিটে–ইউনিভার্সিটেটসমেডিজিন বার্লিন ইউরোপের অন্যতম শীর্ষ চিকিৎসা শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান। চিকিৎসাবিজ্ঞানে গবেষণা, আধুনিক ক্লিনিক্যাল প্রশিক্ষণ এবং স্বাস্থ্যসেবায় উদ্ভাবনী কাজের জন্য এটি আন্তর্জাতিকভাবে পরিচিত। বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এখানে চিকিৎসাশিক্ষা ও গবেষণার সুযোগ পান।
বিশ্ব র্যাঙ্কিংয়ে ৯২তম স্থানে রয়েছে আরডব্লিউটিএইচ আখেন বিশ্ববিদ্যালয়। প্রকৌশল, কম্পিউটার বিজ্ঞান, স্থাপত্য এবং ফলিত বিজ্ঞানে বিশ্ববিদ্যালয়টির বিশেষ খ্যাতি রয়েছে। শিল্প খাতের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা, আধুনিক গবেষণাগার এবং ব্যবহারিক শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের আন্তর্জাতিক কর্মবাজারের জন্য প্রস্তুত করে।
জার্মানির এসব বিশ্ববিদ্যালয় উচ্চমানের শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে ক্যারিয়ার গঠনের সুযোগও তৈরি করে। ফলে বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনা থাকলে এসব প্রতিষ্ঠান হতে পারে শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় গন্তব্য।
সূত্র: ইকোনমিকস টাইমস








