উগ্রবাদী সংগঠনের কার্যক্রমের সঙ্গে জড়িত সন্দেহে রাজধানীর যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার হওয়া ছয় যুবকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আজ রোববার তাঁদের আদালতে হাজির করা হলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এই আদেশ দেন।
রিমান্ড মঞ্জুর হওয়া যুবকেরা হলেন শাহ আমানত সাবির, হোসাইন তানিম, জুনায়েদ, আতাউল্লাহ শাহ, আবিদুর রহমান ও বায়োজিত।
আদালত সূত্রে জানা গেছে, আজ শুনানির সময় আদালতে আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।
পুলিশ ও আদালত সূত্র জানায়, আজ সকাল সাড়ে ছয়টার দিকে যাত্রাবাড়ীর মিনি কক্সবাজার এলাকার একটি বালুর মাঠ থেকে ওই ছয়জনকে আটক করে পুলিশ। পরে যাত্রাবাড়ী থানার পরিদর্শক এ বি সিদ্দিক তাঁদের আদালতে হাজির করে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। একই সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে পুলিশ উল্লেখ করে, যাত্রাবাড়ী এলাকায় টহল ও অভিযান তদারকির সময় গোপন সূত্রে তথ্য পাওয়া যায়, মিনি কক্সবাজার এলাকায় আমিন মোহাম্মদ গ্রুপের পাশের বালুর মাঠে কয়েকজন ব্যক্তি উগ্রবাদী সংগঠনের কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে প্রশিক্ষণের জন্য সমবেত হয়েছেন। এই তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে এই ছয়জনকে আটক করা হয়।
আবেদনে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেখানে সমবেত হওয়ার কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি ওই যুবকেরা। গোয়েন্দা তথ্য ও প্রাথমিক তদন্তের ভিত্তিতে তাঁদের উগ্রবাদী সংগঠনের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকার সন্দেহ করা হচ্ছে। উগ্রবাদী কার্যক্রমের বিস্তারিত তথ্য উদ্ঘাটন এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তাঁদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।








