বৈদ্যুতিক গাড়ির (ইভি) পরবর্তী প্রজন্মের ব্যাটারি প্রযুক্তি উন্নয়নে মার্কিন ব্যাটারি প্রযুক্তি প্রতিষ্ঠান কোয়ান্টামস্কেপের সঙ্গে অংশীদারিত্ব করেছে জাপানের গাড়ি নির্মাতা হোন্ডা। সলিড-স্টেট ব্যাটারি প্রযুক্তির গবেষণা, উন্নয়ন এবং উৎপাদন পদ্ধতি নিয়ে যৌথভাবে কাজ করবে দুই প্রতিষ্ঠান।

চলতি বছরের জুনে ঘোষিত এই অংশীদারিত্বকে হোন্ডার বৈদ্যুতিক গাড়ির কৌশলে গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। সম্প্রতি উত্তর আমেরিকায় তিনটি বৈদ্যুতিক গাড়ির উদ্বোধন স্থগিত করার পর প্রতিষ্ঠানটি এখন সলিড-স্টেট ব্যাটারির উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

হোন্ডা জানিয়েছে, কোয়ান্টামস্কেপের লিথিয়াম-মেটালভিত্তিক সলিড-স্টেট ব্যাটারি প্রযুক্তি ব্যবহার করে এমন ব্যাটারি তৈরি করা হবে, যা বর্তমান লিথিয়াম-আয়ন ব্যাটারির তুলনায় বেশি দূরত্ব অতিক্রম, দ্রুত চার্জ, কম উৎপাদন ব্যয় এবং উন্নত নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হবে।

কেন গুরুত্বপূর্ণ সলিড-স্টেট ব্যাটারি?

বর্তমান অধিকাংশ বৈদ্যুতিক গাড়িতে তরল ইলেকট্রোলাইটযুক্ত লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়। সলিড-স্টেট ব্যাটারিতে সেই তরলের পরিবর্তে কঠিন ইলেকট্রোলাইট ব্যবহৃত হয়। ফলে ব্যাটারির শক্তি ধারণক্ষমতা বাড়ে এবং নিরাপত্তা ঝুঁকি কমে।

আরও পড়ুন

নতুন এসইউভি আনছে মারুতি সুজুকি

কোয়ান্টামস্কেপের দাবি, তাদের প্রযুক্তি ব্যবহার করলে বর্তমানে যেখানে একটি গাড়ি এক চার্জে প্রায় ৩৫০ মাইল চলতে পারে, সেখানে ভবিষ্যতে ৪০০ থেকে ৫০০ মাইল পর্যন্ত চলা সম্ভব হতে পারে। হোন্ডার হিসাব অনুযায়ী, এই প্রযুক্তির ব্যাটারি মাত্র কয়েক মিনিটে ৮০ থেকে ৯০ শতাংশ চার্জ গ্রহণ করতে সক্ষম হতে পারে।

এছাড়া সলিড-স্টেট ব্যাটারিতে তরল ইলেকট্রোলাইট না থাকায় লিকেজ, অগ্নিকাণ্ড ও অতিরিক্ত রাসায়নিক বিক্রিয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে যায়। উচ্চ ও নিম্ন উভয় ধরনের তাপমাত্রাতেই এসব ব্যাটারির কার্যকারিতা বেশি থাকবে বলে আশা করা হচ্ছে।

২০৫০ সালের কার্বন নিরপেক্ষতার লক্ষ্য

হোন্ডা ২০৫০ সালের মধ্যে কার্বন নিরপেক্ষ প্রতিষ্ঠান হওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে। প্রতিষ্ঠানটি দশকের শেষ নাগাদ সলিড-স্টেট ব্যাটারিচালিত বৈদ্যুতিক গাড়ি বাজারে আনার পরিকল্পনা করছে। একই সঙ্গে ২০৪০ সালের মধ্যে বৈশ্বিক বিক্রির শতভাগই বৈদ্যুতিক ও জ্বালানি কোষচালিত গাড়িতে রূপান্তরের লক্ষ্য রয়েছে।

প্রতিযোগিতায় বিশ্বের বড় নির্মাতারা

সলিড-স্টেট ব্যাটারি প্রযুক্তি নিয়ে শুধু হোন্ডাই নয়, বিশ্বের শীর্ষ গাড়ি নির্মাতা ও ব্যাটারি কোম্পানিগুলোও বিনিয়োগ বাড়াচ্ছে। চীনের বিওয়াইডি, সিএটিএল এবং ডংফেং মোটরস, জাপানের টয়োটা ও নিসান, জার্মানির বিএমডব্লিউ, ভক্সওয়াগেন ও মার্সিডিজ-বেঞ্জ, পাশাপাশি স্টেলান্টিস-সবাই সলিড-স্টেট বা সেমি-সলিড-স্টেট ব্যাটারি প্রযুক্তি উন্নয়নে কাজ করছে।

আরও পড়ুন

নিসানের নতুন এসইউভি ‘টেকটন’ যেসব ফিচার থাকছে

টয়োটা ২০২৮ সালের মধ্যে সলিড-স্টেট ব্যাটারিচালিত গাড়ি বাজারে আনার পরিকল্পনা করেছে। অন্যদিকে নিসানও ২০২৮ সালেই অল-সলিড-স্টেট বৈদ্যুতিক গাড়ি উন্মোচনের লক্ষ্য নিয়ে কাজ করছে।

বিশ্লেষকদের মতে, উৎপাদন ব্যয় ও ব্যাপক পরিসরে উৎপাদনের চ্যালেঞ্জ এখনো পুরোপুরি কাটিয়ে ওঠা না গেলেও, সলিড-স্টেট ব্যাটারি প্রযুক্তি আগামী কয়েক বছরের মধ্যে বৈদ্যুতিক গাড়ির বাজারে বড় পরিবর্তন আনতে পারে। হোন্ডা ও কোয়ান্টামস্কেপের এই নতুন অংশীদারিত্ব সেই সম্ভাবনাকেই আরও জোরালো করেছে।

শাহজালাল/কেএসকে