যশোরের অভয়নগরে ব্রাজিলের খেলা চলাকালীন বিদ্যুৎ না থাকায় একটি উপকেন্দ্রে হামলা করেছেন ক্ষুব্ধ গ্রাহকরা। এ সময় রবিউল ইসলাম নামে উপকেন্দ্রে কর্মরত লাইনম্যানকে পিটিয়ে তার ব্যক্তিগত ফোন, নগদ অর্থসহ কল সেন্টারের স্মার্টফোন লুট করা হয়। সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চেঙ্গুটিয়া এলাকায় ৩৩/১১ কেভি, ২৫ এমভিএ অভয়নগর-২ উপকেন্দ্রে হামলার ঘটনা ঘটে। এদিকে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহের দাবিতে জামালপুর সদর উপজেলার শরিফপুর এলাকায় সোমবার রাতে জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধের পর বিএনপি নেতা ও প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
বিদ্যুৎ উপকেন্দ্রে হামলার বিষয়টি মঙ্গলবার নিশ্চিত করেন যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ নওয়াপাড়া জোনাল অফিসের এজিএম মেহেদুল ইসলাম মেহেদী। তিনি জানান, রাত সাড়ে ১১টার দিকে লোডশেডিং চলাকালে ৪০-৫০ জন ক্ষুব্ধ গ্রাহক লোহার গেট ভেঙে উপকেন্দ্রে প্রবেশ করেন। তারা কর্মরত লাইনম্যান রবিউল ইসলামকে পিটিয়ে আহত করেন এবং তার ব্যক্তিগত ফোন, নগদ অর্থ ও কল সেন্টারে ব্যবহৃত স্মার্টফোন লুট করে নিয়ে যান।
মেহেদুল ইসলাম আরও বলেন, ওই সময় ব্রাজিলের খেলা চলছিল। আর উপকেন্দ্রের মেইন লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। আহত রবিউলকে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভয়নগর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো, নুরুজ্জামান বলেন, খবর পাওয়ার পর রাতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু বলেন, ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার রাত ৮টার দিকে শরিফপুর বাজারসংলগ্ন জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন ক্ষুব্ধ এলাকাবাসী। এ সময় তারা সড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেন। এতে মহাসড়কের দুপাশে শতশত যানবাহন আটকে পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহণ শ্রমিকরা।
পুলিশ ও স্থানীয় বিএনপি নেতারা বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিলে রাত ১০টার দিকে অবরোধ তুলে নেন স্থানীয়রা। জামালপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম নূর মোহাম্মদ বলেন, স্থানীয় জনপ্রতিনিধি ও বিএনপি নেতাদের আশ্বাসে অবরোধকারীরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।








