শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ক্রীড়া উদ্দীপনা বাড়াতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তঃবিভাগ দাবা ও ক্যারাম (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা-২০২৬।
সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেশিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. অভিনু কিবরিয়া ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তঃবিভাগ দাবা ও ক্যারাম প্রতিযোগিতার খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. হামিদুর রহমান।
প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। আগামী ২ সেপ্টেম্বর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ প্রতিযোগিতা শেষ হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য অধ্যাপক মো. হামিদুর রহমান বলেন, “বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পাশাপাশি দাবা ও ক্যারামের মতো খেলাধুলা শিক্ষার্থীদের বুদ্ধি, তীক্ষ্ণ দৃষ্টি, এক্যুরেসি ও কো-অর্ডিনেশন বৃদ্ধির মাধ্যমে মেধার বিকাশ ঘটায় এবং বিভিন্ন বিভাগের মধ্যে সামাজিক সদ্ভাব ও আন্তরিকতা বৃদ্ধি করে। শরীরচর্চা শিক্ষা দপ্তর কর্তৃক আয়োজিত এই প্রতিযোগিতার এবং সকল খেলোয়াড়ের সার্বিক সাফল্য কামনা করি।”
শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. অভিনু কিবরিয়া ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন তাপসী রাবেয়া হলের প্রভোস্ট অধ্যাপক নাজনীন নাহার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ফারজানা নাসরিন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. রাফিউল হাসান, মুন্সি মেহেরুল্লাহ হলের প্রভোস্ট অধ্যাপক আব্দুর রউফ সরকার, শরীরচর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক উজ্জল চন্দ্র সূত্রধর, ফিজিক্যাল ইন্সট্রাক্টর মো. জাহাঙ্গীর আলম, মো. রায়হান রাকিবসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
অনুষ্ঠান পরিচালনা করেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল ওয়াহেদ ও ফিজিক্যাল ইন্সট্রাক্টর মো. শাহিনুর রহমান।








