যশোর-মাগুরা মহাসড়কে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে সেলিম রেজা (৪০) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। আজ রোববার সকাল ৮টার দিকে উপজেলার হাশিমপুরে এই ঘটনা ঘটে।
নিহত সেলিম রেজা বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের খালিয়া গ্রামের লুৎফর রহমানের ছেলে। তিনি সদর উপজেলার লেবুতলা মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক হিসবে কর্মরত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, সেলিম রেজা মোটরসাইকেলযোগে যশোরের বাসা থেকে খাজুরার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে হাশিমপুর আহার রেস্টুরেন্টের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে সংঘর্ষে সড়কে ছিটকে পড়েন তিনি। এ সময় ঢাকাগামী অন্য একটি পরিবহনের চাকায় পিষ্ট হলে ঘটনাস্থলেই ওই শিক্ষকের মৃত্যু হয়।
যশোরের ইছালী পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে গেছে বারোবাজার হাইওয়ে থানা-পুলিশ।








