রাজধানীর যাত্রাবাড়ীতে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার সন্ধ্যায় রায়েরবাগ খানবাড়ি মোড়ের ঘটনায় নিহত রিফাত মৃধা (১৮) একটি কার্টন তৈরির কারখানায় কাজ করতেন।
নিহতের বাবা হাসেম মৃধা বলেন, সন্ধ্যায় বাসার সামনে রাস্তায় বসেছিল রিফাত। এ সময় প্রতিবেশী যুবক শাকিল তাকে উদ্দেশ করে বলে, ‘এখানে বসে কী করছিস, গাঁজা খাবি নাকি?’ এর জবাবে রিফাত বলে, ‘আমি গাঁজা খাই না, গাঁজা খাস তোরা।’ এর জেরে শাকিল প্রথমে তাকে গালিগালাজ ও মারধর করে। পরে বিষয়টি মীমাংসা করে দেওয়া হলেও কিছুক্ষণ পর আবার শাকিল রিফাতকে ধরে কিলঘুষি ও লাথি মারে। এতে রিফাত অচেতন হয়ে পড়ে। আহত রিফাতকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে রাত সোয়া ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের দাবি, ঘটনার পর অভিযুক্ত শাকিল ও তার পরিবারের সদস্যরা বাসায় তালা দিয়ে এলাকা ছেড়ে চলে গেছেন। নিহত রিফাত মৃধা পটুয়াখালীর দশমিনার চানপুরা গ্রামের হাসেম মৃধার ছেলে। পরিবারের সঙ্গে তিনি যাত্রাবাড়ীর রায়েরবাগ খানবাড়ি মোড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তিন ভাই ও তিন বোনের মধ্যে তিনি ছিলেন পঞ্চম। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) এবি সিদ্দিক যুগান্তরকে বলেন, আমরা ঘটনা সম্পর্কে শুনেছি। বিস্তারিত জেনে জানাতে পারব।








