যৌক্তিক স্থানে ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা সদর দপ্তর স্থাপনের দাবিতে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। নিকারের বৈঠকের আগের দিন ফটিকছড়িতে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্ট অবরোধ করে উত্তর ফটিকছড়ির বাসিন্দা। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার দাঁতমারা ও নারায়ণহাট ইউনিয়নের তিনটি স্থানে একযোগে এ কর্মসূচি হয়। এতে মহাসড়কের উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। মানববন্ধনে বক্তারা বলেন, উত্তর ফটিকছড়ির মানুষ দীর্ঘদিন ধরে প্রশাসনিক, স্বাস্থ্য, শিক্ষা ও অন্যান্য সরকারি সেবা থেকে বঞ্চিত। এখন নতুন উপজেলাও যদি উত্তরাঞ্চলের অধিকাংশ মানুষ থেকে অনেক দূরে হয়, তাহলে নতুন উপজেলা প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ব্যাহত হবে। সবকিছু বিচেনায় নারায়ণহাট ও দাঁতমারা ইউনিয়নের মধ্যবর্তী স্থানই উপজেলা সদর স্থাপনের সবচেয়ে যৌক্তিক স্থান। উল্লেখ্য, বুধবার নিকারের ১২১তম সভায় ভূজপুর থানার আওতাধীন সুয়াবিল, হারুয়ালছড়ি, ভূজপুর, নারায়ণহাট, বাগানবাজার ও দাঁতমারা- এই ছয়টি ইউনিয়ন নিয়ে বর্তমান ফটিকছড়ি উপজেলা বিভক্ত করে ‘ফটিকছড়ি উত্তর’ নামে দেশের ৫০১তম উপজেলা গঠনের প্রস্তাব আলোচ্যসূচিতে রয়েছে।








