স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, ব্যাটারি, ডিসপ্লে বা প্রসেসরের দিকে নজর দেন। কিন্তু একটি বিষয় অনেকেই গুরুত্ব দেন না সফটওয়্যার ও সিকিউরিটি আপডেট। অথচ নিয়মিত আপডেটই একটি ফোনকে নিরাপদ, দ্রুত এবং নতুন ফিচার ব্যবহারের উপযোগী রাখে। নির্দিষ্ট সময়ের পর নির্মাতা প্রতিষ্ঠানগুলো পুরোনো মডেলের জন্য আপডেট বন্ধ করে দেয়। ফলে ফোনটি চললেও নিরাপত্তা ঝুঁকি বেড়ে যেতে পারে।
কেন সফটওয়্যার আপডেট গুরুত্বপূর্ণ?
প্রতিটি সফটওয়্যার আপডেটের সঙ্গে নতুন ফিচারের পাশাপাশি নিরাপত্তা ত্রুটি সংশোধন করা হয়। এর মাধ্যমে হ্যাকিং, ম্যালওয়্যার এবং তথ্য চুরির মতো ঝুঁকি কমে। তাই আপডেট বন্ধ হয়ে গেলে ফোনে নতুন নিরাপত্তা সুরক্ষা আর পৌঁছায় না।
আপডেট বন্ধ হলে কি ফোন অকেজো হয়ে যায়?
আপডেট বন্ধ হলে ফোন বন্ধ হবে না। সফটওয়্যার সাপোর্ট শেষ হলেই ফোন ব্যবহার অযোগ্য হয়ে যায় না। কল করা, ইন্টারনেট ব্যবহার বা অ্যাপ চালানো আগের মতোই সম্ভব। তবে নতুন অ্যান্ড্রয়েড বা আইওএস সংস্করণ, নতুন ফিচার এবং গুরুত্বপূর্ণ সিকিউরিটি প্যাচ আর পাওয়া যায় না। দীর্ঘমেয়াদে এটি ডিভাইসকে সাইবার হামলার ঝুঁকিতে ফেলতে পারে।
আরও পড়ুন
স্মার্টফোন দিনে একবার চার্জ করলে মাসে বিদ্যুৎ খরচ কত জানেন?
কোন গুগল পিক্সেল ফোনে সাপোর্ট শেষ হতে পারে?
গুগল এখন পিক্সেল ৮ সিরিজ এবং পরবর্তী মডেলগুলোর জন্য সর্বোচ্চ ৭ বছরের সফটওয়্যার ও নিরাপত্তা আপডেট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তবে আগের প্রজন্মের বেশ কয়েকটি পিক্সেল ফোনের আপডেটের সময়সীমা তুলনামূলক কম। ২০২৭ সালের মধ্যে যেসব পিক্সেল মডেলের সফটওয়্যার সাপোর্ট শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে: পিক্সেল ৭, পিক্সেল ৭ প্রো, পিক্সেল ৬এ, পিক্সেল ৬, পিক্সেল ৬ প্রো।
আইফোন ব্যবহারকারীদের কী জানা দরকার?
অ্যাপল নির্দিষ্ট কোনো আইফোনের আপডেট শেষ হওয়ার তারিখ প্রকাশ করে না। তবে সাধারণভাবে একটি আইফোন প্রায় ৫ থেকে ৭ বছর পর্যন্ত বড় আইওএস আপডেট পায়। বর্তমান ধারণা অনুযায়ী, আইওএস ২৭ হতে পারে নিচের মডেলগুলোর শেষ বড় সফটওয়্যার আপডেট- আইফোন ১১, আইফোন ১১ প্রো, আইফোন ১১ প্রো ম্যাক্স, আইফোন এসই (২০২০)। তবে বড় আইওএস আপডেট বন্ধ হলেও প্রয়োজন অনুযায়ী অ্যাপল নিরাপত্তা আপডেট দিতে পারে।
আরও পড়ুন
কয়েক মিনিটেই আইফোন থেকে অ্যান্ড্রয়েডে ডাটা ট্রান্সফার করবেন যেভাবে
স্যামসাংয়ের কোন ফোনগুলো সাপোর্ট হারাতে পারে?
স্যামসাং এখন নতুন ফ্ল্যাগশিপ ফোনে সর্বোচ্চ ৭ বছরের সফটওয়্যার আপডেট দিলেও পুরোনো ও মধ্যম বাজেটের অনেক মডেলের সাপোর্ট ধীরে ধীরে শেষ হচ্ছে। ২০২৭ সালের শেষ নাগাদ যেসব গ্যালাক্সি ফোনের সফটওয়্যার সাপোর্ট শেষ হতে পারে-গ্যালাক্সি এস২৩,এস২৩+ ও এস২৩ আলট্রা, গ্যালাক্সি এস২২, এস২২+ ও এস২২ আলট্রা, গ্যালাক্সি এস২১ এফই ৫জি, গ্যালাক্সি জেড ফোল্ড৪ ও জেড ফ্লিপ৪, গ্যালাক্সি জেড ফোল্ড৩ ও জেড ফ্লিপ৩, গ্যালাক্সি এ৫৪ ৫জি, গ্যালাক্সি এ৫৩ ৫জি, গ্যালাক্সি এ১৪।
কেএসকে







