যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চলমান লড়াইয়ে শেষ পর্যন্ত ইরানই বিজয়ী হবে। শহীদ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশ নিয়ে এমন মন্তব্য করেছে রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ।
প্রেসিডেন্ট পুতিন এবং রুশ সরকারের পক্ষ থেকে খামেনি, ইরানের সামরিক কমান্ডার, সরকারি কর্মকর্তা, বিজ্ঞানী এবং সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় নিহত বেসামরিক নাগরিক, বিশেষ করে শিশুদের শাহাদাতে গভীর শোক প্রকাশ করেন মেদভেদেভ। এর পাশাপাশি আঞ্চলিক বাণিজ্যে মার্কিন ডলারের আধিপত্য কমিয়ে নিজস্ব জাতীয় মুদ্রা ব্যবহারের কথাও বলেছেন।

শুক্রবার ( ৩ জুলাই) খামেনির জানাজার অনুষ্ঠানে অংশ নেওয়ার পর নিজের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন।
মেদভেদেভ বলেন, আয়াতুল্লাহ খামেনির শাহাদাতে ইরানি জনগণের শোকের অংশীদার রাশিয়া। তিনি বলেন, খামেনির শাহাদাতের বেদনা গোটা ইরানি জাতিকে ঐক্যবদ্ধ করেছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত মেদভেদেভ আরও বলেন, ইরানি জাতি কখনোই যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশের চাপের কাছে নতি স্বীকার করবে না। রুশ নেতৃত্ব ও জনগণের পক্ষ থেকে আয়াতুল্লাহ খামেনির শাহাদাতে গভীর সমবেদনা জানানো হচ্ছে এবং এই অপূরণীয় ক্ষতিতে রাশিয়াও ইরানি জনগণের সঙ্গে শোক প্রকাশ করছে।
ইরানের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া ৪০ দিনের যুদ্ধ তেহরানের পাল্টা সামরিক জবাবের পর যুদ্ধবিরতি ও সমঝোতার মাধ্যমে শেষ হয়। জানাজার ফাঁকে মেদভেদেভ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গেও বৈঠক করেছেন।
বৈঠকে পেজেশকিয়ান, খামেনির শাহাদাত এবং সাম্প্রতিক যুদ্ধের পর রাশিয়ার সরকার ও জনগণের সমর্থন এবং সমবেদনার জন্য ধন্যবাদ জানান। এর পাশাপাশি তেহরান ও মস্কোর মধ্যে বিদ্যমান কৌশলগত চুক্তিগুলোর বাস্তবায়ন, বিশেষ করে অর্থনীতি, বাণিজ্য, জ্বালানি ও পরিবহন খাতে সহযোগিতা দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
পেজেশকিয়ান বলেন, দুই দেশের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক, জ্বালানি ও ট্রানজিট সহযোগিতা সম্প্রসারণের বিপুল সম্ভাবনা রয়েছে। বিদ্যমান চুক্তির আওতায় আরও দৃঢ়তার সঙ্গে এগুলো বাস্তবায়ন করা উচিত।
তিনি আন্তর্জাতিক নর্থ-সাউথ ট্রান্সপোর্ট করিডর (INSTC)-এর গুরুত্ব তুলে ধরে সাংহাই সহযোগিতা সংস্থা (SCO), ব্রিকস (BRICS) এবং ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন (EAEU)-এর মাধ্যমে অর্থনৈতিক ও রাজনৈতিক সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানান।
এছাড়াও তিনি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের লঙ্ঘন বলে আখ্যায়িত করেছে ন। তার ভাষায়, এই হামলা আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি এবং স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করেছে।
ইরানের পাল্টা জবাবের প্রসঙ্গ টেনে মেদভেদেভ বলেন, নিজেদের রাষ্ট্র ও শাসনব্যবস্থার প্রতি জনগণের ব্যাপক সমর্থন ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্থিতিশীলতা ও শক্তি বজায় রাখতে নির্ণায়ক ভূমিকা রেখেছে। এই জাতীয় ঐক্য সম্মান ও প্রশংসার দাবিদার।
তিনি আরও পুনর্ব্যক্ত করেন, ইরানের সঙ্গে স্বাক্ষরিত সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব চুক্তি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নে মস্কো প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো, দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বাণিজ্যে জাতীয় মুদ্রার ব্যবহার বৃদ্ধি এবং মার্কিন ডলারভিত্তিক আর্থিক ব্যবস্থার ওপর নির্ভরতা কমানোর বিষয়েও রাশিয়া কাজ করবে বলে জানান।
কেএম








