খেলাধুলার জন্য ক্লাব কেনার ব্যবসা যে কতটা বড় হতে পারে, তার ধারণা পাওয়া যায় যুক্তরাষ্ট্রের ধনী ক্লাবের মালিকদের তালিকায়। ফোর্বসের ২০২৬ সালের হিসাবে, দেশটির শীর্ষ ১৬ ক্লাবের ১০ মালিকের মোট সম্পদের পরিমাণ ৬৬৬ বিলিয়ন বা ৬৬ হাজার ৬০০ কোটি ডলার। এখানে তাঁদের অন্য ব্যবসার সম্পদ যুক্ত আছে।
এক বছর আগে এর পরিমাণ ছিল ৬০৭ বিলিয়ন বা ৬০ হাজার ৭০০ কোটি ডলার।
এই তালিকার শীর্ষে আছেন মাইক্রোসফটের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভ বালমার। তাঁর সম্পদের পরিমাণ ১৫৬ বিলিয়ন বা ১৫ হাজার ৬০০ কোটি ডলার। দ্বিতীয় স্থানে থাকা রব ওয়ালটনের সম্পদ ১৩২ বিলিয়ন বা ১৩ হাজার ২০০ কোটি ডলার। এরপরের আটজনের প্রত্যেকের সম্পদের পরিমাণ ২২ দশমিক ৯ বিলিয়ন বা ২ হাজার ২৯০ কোটি ডলার থেকে ৩৩ দশমিক ৮ বিলিয়ন বা ৩ হাজার ৩৮০ কোটি ডলারের মধ্যে।
এই তালিকায় জায়গা পাওয়ার জন্য শুধু ক্রীড়া দল থাকলেই হয় না। এবার ন্যূনতম সম্পদের সীমা ১২ দশমিক ২ বিলিয়ন বা ১ হাজার ২২০ কোটি ডলার। গত বছর এই সীমা ছিল ১০ দশমিক ১ বিলিয়ন বা ১ হাজার ১০০ কোটি ডলার। এক বছরে এই সীমা বেড়েছে ২১ শতাংশ।
স্টিভ বালমার

সম্পদ: ১৫ হাজার ৬০০ কোটি ডলার | দল: লস অ্যাঞ্জেলেস ক্লিপার্স | সম্পদের মূল উৎস: মাইক্রোসফট
টানা ১২ বছরের মতো যুক্তরাষ্ট্রের সবচেয়ে ধনী ক্রীড়া দলের মালিকের তালিকার শীর্ষে আছেন স্টিভ বালমার। তাঁর সম্পদের মূল উৎস ক্রীড়া ব্যবসা নয়, মাইক্রোসফটের শেয়ার। ২০১৪ সালে ২ বিলিয়ন বা ২০০ কোটি ডলারে লস অ্যাঞ্জেলেস ক্লিপার্স কিনেছিলেন বালমার।
ফোর্বসের হিসাবে, এখন দলটির মূল্য ৭ দশমিক ৫ বিলিয়ন বা ৭৫০ কোটি ডলার অর্থাৎ এক যুগে প্রায় চার গুণ।
রব ওয়ালটন

সম্পদ: ১৩ হাজার ২০০ কোটি ডলার | দল: ডেনভার ব্রঙ্কোস | সম্পদের মূল উৎস: ওয়ালমার্ট
ওয়ালমার্টের সহপ্রতিষ্ঠাতা প্রয়াত স্যাম ওয়ালটনের জ্যেষ্ঠ ছেলে রব ওয়ালটন আছেন দ্বিতীয় স্থানে। ৮১ বছর বয়সী ওয়ালটনের সম্পদের পরিমাণ ১৩২ বিলিয়ন বা ১৩ হাজার ২০০ কোটি ডলার।
২০২২ সালে ৪ দশমিক ৬৫ বিলিয়ন ডলারে ডেনভার ব্রঙ্কোস কেনার জন্য গঠিত কনসোর্টিয়ামের নেতৃত্ব দিয়েছিলেন রব ওয়ালটন। পরে দলের দৈনন্দিন পরিচালনার দায়িত্ব জামাতা গ্রেগ পেনারের হাতে তুলে দেন। ব্রঙ্কোস গত মে মাসে ৫৮ একর জমি কিনেছে। সেখানে ২০৩১ সালে নতুন স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা আছে। এই স্টেডিয়াম ও আশপাশের বিনোদন এলাকা নির্মাণে খরচ হতে পারে ৪ বিলিয়ন বা ৪০০ কোটি ডলারের বেশি।
হেনরি স্যামুয়েলি

সম্পদ: ৩ হাজার ৩৮০ কোটি ডলার | দল: অ্যানাহেইম ডাকস | সম্পদের মূল উৎস: সেমিকন্ডাক্টর
তালিকার তৃতীয় ব্যক্তি হেনরি স্যামুয়েলি। তাঁর সম্পদের পরিমাণ ৩ হাজার ৩৮৯ কোটি ডলার। গত এক বছরে তাঁর সম্পদ বেড়েছে ২২ শতাংশ। চিপ কোম্পানি ব্রডকমের সহপ্রতিষ্ঠাতা স্যামুয়েলি। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সেমিকন্ডাক্টর ব্যবসার সম্ভাবনায় ব্রডকমের শেয়ারের দাম গত এক বছরে বেশ বেড়েছে।
মিরিয়াম অ্যাডেলসন

সম্পদ: ৩ হাজার ৩৫০ কোটি ডলার | দল: ডালাস ম্যাভেরিকস | সম্পদের মূল উৎস: ক্যাসিনো
ডালাস ম্যাভেরিকসের মালিক মিরিয়াম অ্যাডেলসনের সম্পদের পরিমাণ ৩ হাজার ৩৫০ কোটি ডলার। তালিকায় তাঁর অবস্থান চতুর্থ। তবে শীর্ষ ২০ মালিকের মধ্যে সম্পদ কমেছে, এমন তিনজনের একজন তিনি। এক বছরে তাঁর সম্পদ কমেছে ১১ দশমিক ৬ শতাংশ। লাস ভেগাস স্যান্ডসের প্রতিষ্ঠাতা শেলডন অ্যাডেলসনের স্ত্রী মিরিয়াম ২০২৩ সালে মার্ক কিউবানের কাছ থেকে ম্যাভেরিকসের সংখ্যাগরিষ্ঠ অংশ কিনে নেন।
রবার্ট পেরা

সম্পদ: ২ হাজার ৯৬০ কোটি ডলার | দল: মেমফিস গ্রিজলিস | সম্পদের মূল উৎস: ওয়্যারলেস নেটওয়ার্কিং
মেমফিস গ্রিজলিসের মালিক রবার্ট পেরার সম্পদের পরিমাণ ২৯ দশমিক ৬ বিলিয়ন বা ২ হাজার ৯৬০ কোটি ডলার। গত এক বছরে তাঁর সম্পদ বেড়েছে ২৩ দশমিক ৩ শতাংশ।
ইউবিকুইটির প্রতিষ্ঠাতা পেরা ২০১২ সালে ৩৭৭ মিলিয়ন বা ৩৭ কোটি ৭০ লাখ ডলারে গ্রিজলিস কিনেছিলেন। এখন দলটির মূল্য ৩ দশমিক ৫ বিলিয়ন বা ৩৫০ কোটি ডলার। অর্থাৎ পেরার মালিকানায় আসার পর দলটির মূল্য বেড়েছে ৮০০ শতাংশের বেশি।
ফোর্বসের হিসাবে, তিন বছর ধরে গ্রিজলিস এনবিএর সবচেয়ে কম দামি দল।
ডেভিড টেপার

সম্পদ: ২ হাজার ৮৫০ কোটি ডলার | দল: ক্যারোলাইনা প্যান্থারস ও শার্লট এফসি | সম্পদের মূল উৎস: হেজ ফান্ড
২০১৮ সালে ২ দশমিক ৩ বিলিয়ন বা ২৩০ কোটি ডলারে ক্যারোলাইনা প্যান্থারস কিনেছিলেন ডেভিড টেপার। এখন দুই দলের হোম ভেন্যু ব্যাংক অব আমেরিকা স্টেডিয়াম সংস্কারে ১ দশমিক ৩ বিলিয়ন বা ১৩০ কোটি ডলার খরচ করছেন টেপার। তাঁর লক্ষ্য, শার্লটে সুপার বোল ও ২০৩১ সালের নারী বিশ্বকাপের মতো বড় ক্রীড়া আসরের আয়োজন করা।
স্ট্যান ক্রোয়েনকে

সম্পদ: ২ হাজার ৭৬০ কোটি ডলার | দল: ছয়টি বড় ক্রীড়া ফ্র্যাঞ্চাইজি | সম্পদের মূল উৎস: ক্রীড়া ও আবাসন ব্যবসা
শুধু ক্রীড়া দলের মালিকানা বিবেচনায় নিলে সবচেয়ে বড় পোর্টফোলিও স্ট্যান ক্রোয়েনকের। তাঁর সম্পদ গত এক বছরে বেড়েছে ২৯ দশমিক ৬ শতাংশ। ক্রোয়েনকের মালিকানায় রয়েছে লস অ্যাঞ্জেলেস র্যামস, ডেনভার নাগেটস, কলোরাডো অ্যাভালাঞ্চ, কলোরাডো র্যাপিডস, আর্সেনাল এফসি ও আর্সেনাল উইমেন এফসি।
ফোর্বসের হিসাবে, ঋণ বাদ দেওয়ার পর ক্রোয়েনকের ক্রীড়া দলগুলোর অংশীদারির মূল্য প্রায় ২২ বিলিয়ন বা ২ হাজার ২০০ কোটি ডলার।
স্টিভ কোহেন

সম্পদ: ২ হাজার ৬৭০ কোটি ডলার | দল: নিউইয়র্ক মেটস | সম্পদের মূল উৎস: হেজ ফান্ড
নিউইয়র্ক মেটসের মালিক স্টিভ কোহেনের সম্পদের পরিমাণ ২ হাজার ৬৭০ কোটি ডলার। গত এক বছরে তাঁর সম্পদ বেড়েছে ১৬ দশমিক ১ শতাংশ। তবে নিউইয়র্ক মেটস টানা দুই মৌসুমে আশানুরূপ খেলতে পারেনি। দলটির মালিক স্টিভ কোহেন অর্থ খরচে পিছিয়ে নেই। গত বছর নিউইয়র্ক মেটসের নগদ বেতন ব্যয় ছিল এমএলবিতে সর্বোচ্চ ৪০০ মিলিয়ন বা ৪০ কোটি ডলারের বেশি।
জেরি জোন্স

সম্পদ: ২ হাজার ৩৫০ কোটি ডলার | দল: ডালাস কাউবয়েজ | সম্পদের মূল উৎস: ক্রীড়া ও জ্বালানি
ডালাস কাউবয়েজের মালিক জেরি জোন্স আছেন নবম স্থানে। তাঁর সম্পদের পরিমাণ ২৩ দশমিক ৫ বিলিয়ন বা ২ হাজার ৩৫০ কোটি ডলার। গত এক বছরে সম্পদ বেড়েছে ১৯ দশমিক ৯ শতাংশ। জোন্সের সবচেয়ে মূল্যবান সম্পদ এই ডালাস কাউবয়েজ।
১৯৮৯ সালে ১৪০ মিলিয়ন বা ১৪ কোটি ডলারে দলটি কিনেছিলেন জেরি জোন্স। এখন কাউবয়েজের আনুমানিক মূল্য ১ হাজার ৭০০ কোটি ডলার। গত মৌসুমে দলটি প্রায় ১ দশমিক ২৮ বিলিয়ন বা ১ হাজার ২৮০ কোটি ডলার রাজস্ব আয় করেছে।
ড্যান গিলবার্ট

সম্পদ: ২ হাজার ২৯০ কোটি ডলার | দল: ক্লিভল্যান্ড ক্যাভালিয়ার্স | সম্পদের মূল উৎস: বন্ধক ঋণ ব্যবসা
ক্লিভল্যান্ড ক্যাভালিয়ার্সের মালিক ড্যান গিলবার্ট শীর্ষ ১০–এর শেষ ব্যক্তি। তাঁর সম্পদের পরিমাণ ২ হাজার ২৯০ কোটি ডলার। তবে গত এক বছরে তাঁর সম্পদ কমেছে ১৪ দশমিক ২ শতাংশ। রকেট মর্টগেজের সহপ্রতিষ্ঠাতা গিলবার্টের সম্পদের মূল উৎস বন্ধক ঋণ ব্যবসা। গত বছর ফোর্বস ক্যাভালিয়ার্সের মূল্য নির্ধারণ করেছিল ৪৮০ কোটি ডলার।





