মোবাইল অপারেটর বাংলালিংকের স্বত্বাধিকারী ভিওন গ্রুপ বাংলাদেশের টেলিকম ও ডিজিটাল খাতে ১০০ কোটি ডলার বা ১২ হাজার ৫০০ কোটি টাকা বিনিয়োগ করতে চায়। এজন্য ‘এখনই বাংলাদেশে বিনিয়োগ করুন’ শীর্ষক প্রচারের মাধ্যমে সরকারি-বেসরকারি অংশীদারত্বে ওই বিনিয়োগের প্রস্তাব দিয়েছে ভিওন গ্রুপ। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভিওন গ্রুপের চেয়ারম্যান অগি কে, ফাবিলার নেতৃত্বে একটি দল সাক্ষাৎ করে বিনিয়োগের এ প্রস্তাব দেন।
প্রতিনিধিদলের সদস্যরা বলেন, বাংলাদেশ সম্ভাবনাময় এবং এখানে বিনিয়োগের প্রচুর সম্ভাবনা আছে। বিশেষ করে টেলিকম, ডিজিটাল ব্যাংকসহ অন্য খাতে বিনিয়োগ করা যায়। যাতে বাংলাদেশ ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে যেতে পারে।
বৈঠকে ভিওন বাংলাদেশের আগামীর ডিজিটাল অর্থনীতির একটি চিত্র তুলে ধরে বলা হয়, এজন্য ভিওনের নেতৃত্বে ১০০ কোটি ডলার বিনিয়োগের উদ্যোগ নেওয়া যেতে পারে। এই উদ্যোগে ভিওন নিজেই ২৫ কোটি ডলার বিনিয়োগ করবে।








