হারারে স্পোর্টস ক্লাব মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে বাংলাদেশের বিপক্ষে মাত্র ১৪১ রান করেও ২৫ রানে জিতেছে স্বাগতিক জিম্বাবুয়ে। একমাত্র টেস্টে দাপুটে জয়ের পর সোমবার প্রথম ওয়ানডেতেও সফরকারীদের পাত্তা দিল না তারা। এই জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা। দ্বিতীয় ওয়ানডে আগামীকাল একই মাঠে। টস জিতে আগে ফিল্ডিং নেওয়া বাংলাদেশের দারুণ বোলিংয়ে জিম্বাবুয়ে মাত্র ১৪১ রানে অলআউট হয়। নিউম্যান নিয়ামহুরি ৫১ বলে সর্বোচ্চ ৩৩ এবং অধিনায়ক রিচার্ড এনগারাভা ২৭ রান করেন। বাংলাদেশের পেসার নাহিদ রানা দুর্দান্ত বোলিংয়ে ২১ রানে ছয় উইকেট নেন। ১৪ ওয়ানডেতে এটি তার তৃতীয় পাঁচ উইকেট। তাসকিন আহমেদ নেন দুটি উইকেট। লক্ষ্য তাড়া করতে নেমে ৩৩.১ ওভারে ১১৬ রানে গুটিয়ে যায় সফরকারীরা। শুরু থেকেই উইকেট হারায় বাংলাদেশ। নুরুল হাসান সর্বোচ্চ ৩১ ও তাওহিদ হৃদয় ২৫ রান করলেও কেউ ম্যাচ বের করতে পারেননি। জিম্বাবুয়ের রিচার্ড এনগারাভা ও ব্র্যাড ইভান্স তিনটি করে এবং নিউম্যান নিয়ামহুরি ও ব্লেসিং মুজারাবানি দুটি করে উইকেট নেন।