বিশ্বের বৃহত্তম বৈদ্যুতিক গাড়ি (ইভি) নির্মাতা বিওয়াইডি তাদের উচ্চক্ষমতার ব্যাটারি ও দ্রুত চার্জিং প্রযুক্তির সক্ষমতা প্রদর্শনে নতুন উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে ইতালির রোম থেকে হংকং পর্যন্ত ১৫ হাজার কিলোমিটারের পরীক্ষামূলক যাত্রা শুরু করেছে কোম্পানিটির বিশেষ মডেলের বৈদ্যুতিক গাড়ি।

বিওয়াইডির দাবি, এটি বিশ্বের সবচেয়ে দূরপাল্লার বৈদ্যুতিক গাড়ি। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের।

বিওয়াইডির প্রিমিয়াম ব্র্যান্ড ডেনজার জেড৯ জিটি মডেলের উন্নত সংস্করণের কয়েকটি গাড়ি ১৩ জুন রোম থেকে যাত্রা শুরু করে। প্রায় ৪৩ দিনের এ সফরের শুরুতে গাড়িগুলো ইতালি, ক্রোয়েশিয়া, সার্বিয়া, তুরস্কসহ ইউরোপের বিভিন্ন দেশ অতিক্রম করেছে। কোম্পানির ভাষ্য, বহরটি এখন প্রায় এক মাস ধরে পথ পরিক্রমা করছে।

জেড৯ জিটি মডেলে ব্যবহার করা হয়েছে বিওয়াইডির নতুন ব্লেড ব্যাটারি ২.০। ব্যাটারির সেলগুলো বিশেষভাবে সাজানো। লক্ষ্য হলো এর শক্তি ধারণক্ষমতা বৃদ্ধি এবং অতিরিক্ত গরম হওয়ার ঝুঁকি হ্রাস। একবার পূর্ণ চার্জে গাড়িটি সর্বোচ্চ ১ হাজার ৩৬ কিলোমিটার চলতে পারে। চলতি বছরের শুরুতে বিওয়াইডি দাবি করেছিল, বৈদ্যুতিক গাড়ির মধ্যে এটি বিশ্বের সবচেয়ে দূরপাল্লার গাড়ি। এই যাত্রার অনুপ্রেরণা প্রায় ৭৫০ বছর আগে মার্কো পোলোর ঐতিহাসিক ভ্রমণ।

একই সময়ে চীনের বাইরে বিওয়াইডির বিক্রি দ্রুত বাড়ছে। যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় ব্যাটারিচালিত গাড়ির চাহিদাও বেড়েছে।

রোম থেকে হংকংয়ের পথে বহরটি ভ্যাটিকান সিটি, হাঙ্গেরি, বুলগেরিয়া, জর্জিয়া, আজারবাইজান, কাজাখস্তান, উজবেকিস্তান ও চীনের মূল ভূখণ্ড অতিক্রম করবে। হিসাব অনুযায়ী, ২৫ জুলাই গাড়িগুলো হংকংয়ে পৌঁছাবে।

বিওয়াইডির তথ্যানুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে বিদেশের বাজারে কোম্পানিটির গাড়ি সরবরাহ আগের বছরের একই সময়ের তুলনায় ৮২ দশমিক ৫ শতাংশ বেড়ে ৪ লাখ ৭১ হাজার ৯১ ইউনিটে পৌঁছেছে। মোট বিক্রির ৪২ দশমিক ৫ শতাংশ হয়েছে বিদেশের বাজারে। গত বছর এ হার ছিল মাত্র ২০ শতাংশ।

এই সফরে বিওয়াইডি তাদের ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তি বা দ্রুত চার্জিং প্রযুক্তির প্রদর্শন করছে। কোম্পানিটির দাবি, মাত্র ৯ মিনিট চার্জ দিলেই গাড়িটি ৯০০ কিলোমিটারের বেশি চলতে পারে।

এ যাত্রার মূল উদ্দেশ্য টেকসই উন্নয়ন, বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়ানো ও বৈশ্বিক সংযোগ জোরদার করা। এই উদ্যোগের পরিকল্পনাকারী হলেন এম৩১ ক্যাপিটালের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা অংশীদার প্যাট্রিক ঝং ও যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সাসটেইনেবল ডেভেলপমেন্টের পরিচালক ও অর্থনীতিবিদ জেফরি স্যাকস।

১৩ জুন রোমে যাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে বিওয়াইডির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট স্টেলা লি বলেন, ‘অধ্যাপক স্যাকস ও প্যাট্রিক ইউরোপ থেকে এশিয়া পর্যন্ত বৈদ্যুতিক গাড়ি চালিয়ে যাচ্ছেন। আমরা আশা করি, এই যাত্রার মাধ্যমে টেকসই প্রযুক্তির প্রতি আমাদের অঙ্গীকারের বার্তা সারা বিশ্বে পৌঁছে যাবে।’

বিওয়াইডির ডেনজা ব্র্যান্ডটি ২০১১ সালে বিওয়াইডি ও মার্সিডিজ-বেঞ্জ গ্রুপের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। এরপর ২০২২ সালে বিওয়াইডি তাদের মালিকানা ৯০ শতাংশে উন্নীত করে। দুই বছর পর মার্সিডিজ বেঞ্জের অবশিষ্ট ১০ শতাংশ শেয়ার কিনে নিয়ে ব্র্যান্ডটির পূর্ণ মালিকানা নিজেদের হাতে নেয় কোম্পানিটি।

বৃহস্পতিবার ইংল্যান্ডের গুডউড ফেস্টিভ্যাল অব স্পিডে বিওয়াইডি নতুন ডেনজা জেড স্পোর্টস কার উন্মোচন করেছে। এতে কোম্পানির নিজস্ব উদ্ভাবিত ডি-সাস ইন্টেলিজেন্ট বডি কন্ট্রোল সিস্টেম ব্যবহার করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, ইউরোপের বাজারে এই মডেলের প্রধান প্রতিদ্বন্দ্বী হবে পোরশে ৯১১। নতুন নতুন মডেল বাজারে আনা ও পরিবেশক নেটওয়ার্ক সম্প্রসারণের মাধ্যমে চীনের বাইরের বাজারে বিক্রি বাড়ানোর যে কৌশল নিয়েছে বিওয়াইডি, নতুন এই স্পোর্টস কার উন্মোচন তারই অংশ।