সোনালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের সংগঠন সোনালী ব্যাংকার্সের নবনির্বাচিত নির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে পদোন্নতিপ্রাপ্ত সংগঠকদের সংবর্ধনা এবং সংগঠক সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (১১ জুলাই) রাজধানীর ধানমন্ডির ফরেস্ট লাউঞ্জ রেস্টুরেন্টে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের চিফ মো. রবিউল আলম ও সদস্য সচিব এস এম মাজহারুল ইসলামের নেতৃত্বে ৩৩ সদস্যবিশিষ্ট নবনির্বাচিত নির্বাহী পরিষদের আনুষ্ঠানিক অভিষেক অনুষ্ঠিত হয়। এ সময় নবনির্বাচিত সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকরভাবে পরিচালনার প্রত্যয় ব্যক্ত করা হয়।
আরও পড়ুন
ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোশাররফ হোসেন
অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত নয়জন সংগঠককে সংবর্ধনা দেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে তাদের তুলে দেওয়া হয় ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক (ক্রেস্ট)। উপস্থিত সদস্যরা তাদের পেশাগত অর্জনে অভিনন্দন জানিয়ে ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন।
সভায় সংগঠনের বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে নতুন অ্যাডমিন নির্বাচন, ‘সংগঠক ট্যুর–২০২৬’-এর সম্ভাব্য ভেন্যু নির্ধারণ এবং আগামী দ্বিবার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়নের বিষয়টি গুরুত্ব পায়। সদস্যদের মতামতের ভিত্তিতে এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুন
প্রতি ডিমে ৪ টাকা, মাসে ৫০০ কোটি লোকসান: দাবি খামারিদের
আনুষ্ঠানিক পর্ব শেষে সদস্যদের অংশগ্রহণে প্রীতিভোজ (বুফে লাঞ্চ) অনুষ্ঠিত হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে সোনালী ব্যাংকার্সের নবনির্বাচিত নির্বাহী পরিষদের সদস্য, পদোন্নতিপ্রাপ্ত সংগঠক এবং সংগঠনের বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা সংগঠনের ঐক্য, পেশাগত উৎকর্ষ এবং পারস্পরিক সহযোগিতার বন্ধন ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
ইএআর/কেএসআর







