দেশের পোশাক ও বস্ত্রশিল্পের ভবিষ্যৎ নেতৃত্ব, উদ্ভাবন ও টেকসই প্রবৃদ্ধি অর্জনের কর্মপন্থা নিয়ে ২০ ও ২১ জুলাই অনুষ্ঠিত হবে ‘বেইলা ফিউচার সামিট ২০২৬’।

বাংলাদেশ অ্যাপারেল ইয়ুথ লিডার্স অ্যালায়েন্সের (বেইলা) আয়োজনে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এ সম্মেলন হবে। এতে শিল্প, ব্যবসা, শিক্ষা, প্রযুক্তি ও নীতিনির্ধারণী পর্যায়ের দেশি-বিদেশি বিশেষজ্ঞরা অংশ নেবেন।

শনিবার (১১ জুলাই) রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজনটির বিষয়ে বিস্তারিত তুলে ধরেন বেইলার নেতারা। তারা জানান, ‘থিংক বিয়ন্ড টুডে’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনের মূল লক্ষ্য হলো দেশের পোশাক শিল্পকে আগামী দিনের বৈশ্বিক প্রতিযোগিতা, প্রযুক্তিগত পরিবর্তন ও টেকসই উৎপাদনের চাহিদা মোকাবিলায় প্রস্তুত করা। একই সঙ্গে নতুন প্রজন্মের নেতৃত্ব গড়ে তোলা এবং শিল্পখাতে উদ্ভাবনী চিন্তাভাবনার বিকাশ ঘটানো এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

দুই দিনব্যাপী সম্মেলনে প্রায় দেড় হাজার অংশগ্রহণকারী, পাঁচ শতাধিক সি-সুইট নির্বাহী (সি-এক্সও), পোশাক খাতের উদ্যোক্তা, শিল্পনেতা এবং দেশি-বিদেশি অতিথি অংশ নেবেন।

সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ইন্ডাস্ট্রি ৪.০, টেকসই উন্নয়ন, ভবিষ্যতের অর্থায়ন, উদ্ভাবন, নেতৃত্ব ও বৈশ্বিক পোশাক শিল্পের পরিবর্তিত বাস্তবতা নিয়ে ধারাবাহিক সেশন অনুষ্ঠিত হবে। এর লক্ষ্য দেশের পোশাক শিল্পকে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করা এবং ভবিষ্যৎ নেতৃত্বের বিকাশে কার্যকর একটি প্ল্যাটফর্ম তৈরি করা।

সম্মেলনের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে হুয়াওয়ে এবং পাওয়ার্ড বাই অংশীদার হিসেবে রয়েছে এনভয় লিগ্যাসি, এঅ্যান্ডই (আমেরিকান অ্যান্ড এফার্ড) বাংলাদেশ লিমিটেড, সানরাইজ ঝেজিয়াং রিসান ইন্টেলিজেন্ট টেকনোলজি কোম্পানি লিমিটেড এবং ট্রান্সকম।

আরও পড়ুন

পর্যটন শিল্পের বিকাশে ঢাকায় হতে যাচ্ছে বাংলাদেশ ট্রাভেল মার্ট

সম্মেলনে বিভিন্ন বিষয়ে দেশি-বিদেশি বক্তারা বক্তব্য দেবেন। আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে- ‘ফ্রম গ্লোবাল ম্যানুফ্যাকচারিং টু গ্লোবাল লিডারশিপ’, ‘ফিউচার অব ফাইন্যান্স’, ‘হাউ এআই উইল বি ট্রান্সফর্মিং বাংলাদেশস আরএমজি ইন্ডাস্ট্রি’, ‘দ্য অপরচুনিটি অব আইপিও ফর দ্য আরএমজি অ্যান্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রি’, ‘ইইউ সাসটেইনেবিলিটি স্ট্যান্ডার্ডস অ্যাজ অ্যান অপরচুনিটি টু ডিফারেনশিয়েট’ এবং ‘দ্য ফিউচার ওয়ার্কফোর্স’সহ বিভিন্ন বিষয়।

সম্মেলনের অন্যতম আকর্ষণ ‘বেইলা ফিউচার লিডারস ২০২৬’ প্রতিযোগিতা। দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য আয়োজিত এ উদ্যোগে জাতীয় পর্যায়ে কেস প্রতিযোগিতার মাধ্যমে ভবিষ্যৎ শিল্পনেতা নির্বাচন করা হবে। এজন্য ১২ জুলাই প্রকল্প জমা, ১৪ জুলাই বাছাই, ১৬ ও ১৮ জুলাই ক্যাম্পাসভিত্তিক উপস্থাপনা শেষে বিজয়ীরা মূল সম্মেলনের মঞ্চে নিজেদের ধারণা তুলে ধরার সুযোগ পাবেন।

বাংলাদেশ অ্যাপারেল ইয়ুথ লিডারস অ্যালায়েন্সের সভাপতি আবরার হোসাইন সায়েম বলেন, ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করতে শুধু দক্ষতা নয়, উদ্ভাবনী চিন্তা, দূরদর্শিতা ও শিল্পের পরিবর্তিত বাস্তবতা সম্পর্কে প্রস্তুতি জরুরি। বেইলা ফিউচার সামিট সেই লক্ষ্যেই শিল্প, নীতিনির্ধারক, শিক্ষাবিদ ও তরুণ প্রজন্মকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসছে।

তিনি আরও বলেন, ‘বিশ্ব উৎপাদন খাতে বাংলাদেশ আজ একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। কিন্তু এখানেই থেমে থাকার সুযোগ নেই। এই অবস্থানকে ধরে রেখে উচ্চতর পর্যায়ে যেতে আমাদের প্রয়োজন উদ্ভাবন, দক্ষ নেতৃত্ব, প্রজন্ম গঠন ও ভবিষ্যৎ-প্রস্তুত মানবসম্পদ। আর সেই যাত্রায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলা।’

সংগঠনের প্রথম সহ-সভাপতি হাসিন আরমান অয়ন বলেন, ‘ভবিষ্যৎ আমাদের জন্য অপেক্ষা করে না, ভবিষ্যৎ গড়ে তুলতে হয় একসঙ্গে। বেইলা ফিউচার সামিট এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে শিল্পনেতা, নীতিনির্ধারক, উদ্ভাবক, শিক্ষাজগত ও তরুণ প্রজন্ম একত্র হয়ে নতুন ধারণা, কার্যকর অংশীদারত্ব ও ভবিষ্যৎ নির্মাণে কাজ করে। একই সঙ্গে বেইলা ফিউচার লিডার্স উদ্যোগের মাধ্যমে দেশের তরুণদের দক্ষতা, দৃষ্টিভঙ্গি ও আত্মবিশ্বাসে বিনিয়োগ করে আগামী দিনের নেতৃত্ব গড়ে তোলাই আমাদের লক্ষ্য।’

আয়োজকদের মতে, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের পোশাক শিল্পকে আরও টেকসই, প্রতিযোগিতামূলক এবং উদ্ভাবননির্ভর অবস্থানে নিয়ে যেতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আইএইচও/একিউএফ