বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, ‘দীর্ঘ ১৭ বছর এই দেশে জনগণের কোনো সরকার ছিল না। গায়ের জোরে রাষ্ট্রক্ষমতা দখল করে তারা অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, গুম, খুন এবং হামলা-মামলা চালিয়েছে।’
বুধবার (২২ জুলাই) বিকেলে নরসিংদী সদর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন
জনগণের প্রতি বিগত সরকারের কোনো দায়বদ্ধতা ছিল না: জাহিদ হোসেন
তিনি আরও বলেন, ‘তারা দেশের মানুষের কল্যাণে কাজ করেনি। উন্নয়নের নামে লুটপাট করে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। জনবিচ্ছিন্ন হয়ে লুটপাট, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের কারণে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।’
নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা আশরাফুল ইসলাম খান, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরীসহ অন্যান্যরা।
এ সময় ২১ ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ এবং ১৫০ জনের মধ্যে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা বিতরণ করা হয়।
সঞ্জিত সাহা/এসজেডএইচ/জেআইএম








