ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, মানুষ সৃষ্টিশীল ও বুদ্ধিমান প্রাণী। কোনো আইন-আদালত ও শাস্তি দিয়ে মানুষকে অপরাধ থেকে বিরত রাখা যায় না। সেজন্য ইসলাম প্রথমে ব্যক্তির অন্তর শুদ্ধ করার চেষ্টা করে।
তিনি বলেন, মানুষ যখন আল্লাহকে ভয় করে, আল্লাহর শাস্তিকে ভয় করে- তখন সেই মানুষ নিজেই পাপাচার ও অন্যায় থেকে বিরত থাকে। সেজন্য রাষ্ট্র, রাজনীতি ও সমাজে শান্তি আনতে চাইলে আত্মশুদ্ধি করতে হবে।
বুধবার (২২ জুলাই) কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ হলরুমে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তরের জেলা সম্মেলনে এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন
জুলাই বিপ্লবের অপ্রতিরোধ্য ‘স্ট্যালিনগ্রাদ’ যাত্রাবাড়ী
চরমোনাই পীর বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেবলই একটি রাজনৈতিক সংগঠন নয়, বরং আত্মশুদ্ধি ও রাজনীতির একটি সমন্বিত প্রয়াস। যারা রাষ্ট্রে, রাজনীতিতে ও সমাজে সত্যিকারের শান্তি ও মুক্তি চান তারা ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত হোন।
তিনি বলেন, স্বাধীনতার পরে বাংলাদেশ অনেক শাসকের শাসন দেখেছে। অনেক রক্ত প্রবাহিত হয়েছে। কিন্তু মানুষ শান্তি-শৃঙ্খলা, অর্থনৈতিক মুক্তি পায়নি। জুলাই গণঅভ্যুত্থানের পরে যে সংসদ গঠিত হয়েছে সেই সংসদেও মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি। এখন জনতাকেই তাদের ভাগ্য পরিবর্তনের দায়িত্ব নিতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই কাজে আপনাকে সহায়তা করবে ইনশাআল্লাহ।
আরও পড়ুন
নৈতিক স্খলন প্রমাণ হওয়ায় গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
কুমিল্লা জেলা সভাপতি সাইফুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা নেছার উদ্দিন ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল করীম আকরাম।
সম্মেলনে ক্বারী সাইফুল ইসলামকে সভাপতি ও মুফতি রাশেদুল ইসলামকে সেক্রেটারি করে কুমিল্লা জেলা উত্তরের নতুন কমিটি ঘোষণা করা হয়।
এমইউ/কেএসআর








