চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদরঘাট থানার ওসিকে ১৭ দিনের মাথায় প্রত্যাহার করা হয়েছে। রোববার রাতে সিএমপির ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরীর সই করা এক প্রজ্ঞাপনে তাকে লাইনওয়ারে সংযুক্ত করা হয়েছে। এর আগে, ১৮ জুন সিএমপির এস্টেট অ্যান্ড বিল্ডিং শাখার পরিদর্শক শরীফকে সদরঘাট থানার ওসি হিসাবে পদায়ন করা হয়। ১ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাসরীন সুলতানা স্বাক্ষরিত একটি চিঠি পুলিশের আইজিপি বরাবরে প্রদান করা হয়। এতে ওসি শরীফের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন গুরুতর অভিযোগ আনা হয়। চিঠিতে ওসি শরীফের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে গৃহীত কার্যক্রম সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানাতে আইজিপিকে নির্দেশনা দেওয়া হয়।

এর পরিপ্রেক্ষিতে ওসি শরীফকে প্রত্যাহার করা হয়েছে। জানা যায়, এর আগে ওসি শরীফের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে ব্যবস্থা নিতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডিও লেটার দেন।

২০২৫ সালের ১৪ ডিসেম্বর শরীফ সিটিএসবির নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদ থেকে সিএমপির এস্টেট অ্যান্ড বিল্ডিং শাখার পরিদর্শক হিসাবে বদলি হন। সেখান থেকেই তাকে সদরঘাট থানার ওসি হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছিল। আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতনের পর তিনি কর্ণফুলী থানার ওসি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।