দীর্ঘদিন পর আবারও বাজারে ফিরতে পারে হোন্ডার জনপ্রিয় বক্সি নকশার বহুমুখী ক্রীড়াধর্মী যান (এসইউভি) ‘এলিমেন্ট’। আন্তর্জাতিক মোটরগাড়ি বিষয়ক সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৯ সালে সাশ্রয়ী মূল্যের সংকরশক্তিচালিত (হাইব্রিড) এসইউভি হিসেবে মডেলটিকে নতুনভাবে বাজারে আনার পরিকল্পনা করছে হোন্ডা।

প্রতিবেদন অনুযায়ী, নতুন এলিমেন্ট মডেলটি হোন্ডার বর্তমান এইচআর-ভি ও সিআর-ভি মডেলের মধ্যবর্তী অবস্থানে রাখা হতে পারে। বাজারে এটি মূলত অফ-রোড সক্ষম এসইউভি শ্রেণির গাড়িগুলোর সঙ্গে প্রতিযোগিতায় নামবে। তবে এলিমেন্ট ফিরিয়ে আনার বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি হোন্ডা।

জানা গেছে, সাম্প্রতিক সময়ে ছোট আকারের অথচ দুর্গম পথে চলাচল উপযোগী এসইউভির জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় এই খাতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে চায় প্রতিষ্ঠানটি। বর্তমানে হোন্ডা অফ-রোড উপযোগী বিভিন্ন সংস্করণের গাড়ি বাজারজাত করছে এবং নতুন এলিমেন্ট সেই পরিকল্পনারই অংশ হতে পারে।

প্রতিবেদন বলছে, নতুন সংকরশক্তিচালিত এলিমেন্ট যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে অবস্থিত হোন্ডার উৎপাদন কারখানায় তৈরি হতে পারে। বাজারে আসার পর প্রথম পূর্ণ বছরে প্রায় এক লাখ গাড়ি বিক্রির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

হোন্ডা ২০১১ সালে এলিমেন্ট মডেলের উৎপাদন বন্ধ করে দেয়। বিক্রি কমে যাওয়াই ছিল সেই সিদ্ধান্তের প্রধান কারণ। তবে উৎপাদন বন্ধ হওয়ার পরও মডেলটি ব্যবহারকারীদের মধ্যে জনপ্রিয়তা ধরে রেখেছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সড়কে এখনো এই গাড়ির উপস্থিতি দেখা যায়।

এলিমেন্টের জনপ্রিয়তার অন্যতম কারণ ছিল এর ব্যবহারবান্ধব অভ্যন্তরীণ নকশা। গাড়িটির ভেতরে কার্পেট না থাকায় সহজেই পরিষ্কার করা যেত। পাশাপাশি পেছনের আসন ভাঁজ করে অতিরিক্ত জায়গা তৈরি করা সম্ভব ছিল। ফলে ভ্রমণ, ক্যাম্পিং কিংবা মালামাল পরিবহনের কাজে এটি বেশ সুবিধাজনক ছিল। প্রয়োজন হলে আসন সম্পূর্ণ খুলেও ব্যবহার করা যেত।

বিশ্লেষকদের ধারণা, নতুন এলিমেন্ট যদি এইচআর-ভি ও সিআর-ভির মাঝামাঝি অবস্থানে বাজারে আসে, তাহলে এর প্রাথমিক মূল্য ৩০ হাজার থেকে ৩৫ হাজার মার্কিন ডলারের মধ্যে হতে পারে।

এ বিষয়ে হোন্ডার এক মুখপাত্র বলেছেন, ২০১১ সালে উৎপাদন বন্ধ হওয়ার পরও এলিমেন্টের একটি শক্তিশালী ব্যবহারকারী ও ভক্তগোষ্ঠী রয়েছে। এর সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে বহু বছর ধরে বিভিন্ন অনলাইন মাধ্যমে আলোচনা চলছে। ব্যবহারকারীদের আগ্রহকে প্রতিষ্ঠান গুরুত্বের সঙ্গে দেখলেও ভবিষ্যৎ পণ্য পরিকল্পনা নিয়ে কোনো ধরনের জল্পনা-কল্পনায় অংশ নিতে চায় না হোন্ডা।

The post ১৮ বছর পর ফিরতে পারে হোন্ডা এলিমেন্ট, আসছে নতুন হাইব্রিড এসইউভি appeared first on ZoomBangla.