দেশের সার্বিক আবহাওয়া পরিস্থিতির উন্নতি হচ্ছে। আজ থেকেই তুলে নেওয়া হচ্ছে ভারী বর্ষণের সতর্কবার্তা। নতুন করে পাহাড় ধস বা জলোচ্ছ্বাসের কোনো পূর্বাভাস নেই এবং আগামী এক থেকে দুই দিনের মধ্যে পরিস্থিতি আরও স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।আজ শনিবার (১১ জুলাই) সকালে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান আবহাওয়াবিদ বজলুর রশিদ।আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত অনেকটাই কমে এসেছে। গত ২৪ ঘণ্টায় বান্দরবানের লামায় ১০৬ মিলিমিটার এবং চট্টগ্রামে ১০০ মিলিমিটারের কম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা আগের দিনগুলোর তুলনায় বেশ কম। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে এই অঞ্চলে বৃষ্টি আরও কমে যাবে।তবে দক্ষিণাঞ্চলে বৃষ্টি কমলেও আগামী তিন থেকে চার দিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা কিছুটা বাড়তে পারে। অন্যদিকে, রাজধানী ঢাকায় স্বাভাবিক বর্ষাকালীন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হলেও অতিভারী বর্ষণের কোনো সম্ভাবনা নেই।আবহাওয়া অফিস জানায়, ভারতের উজান এলাকায় অতিভারী বৃষ্টি না থাকায় দেশের নদ-নদীর পানি বিপজ্জনকভাবে বাড়ার আশঙ্কাও কম।এদিকে সমুদ্রবন্দরের জন্য জারি করা ৩ নম্বর সতর্কসংকেত আজ সন্ধ্যা পর্যন্ত বহাল থাকতে পারে এবং এরপর তা তুলে নেওয়া হতে পারে। তবে জানমালের নিরাপত্তার স্বার্থে সাগরে থাকা ছোট ছোট মাছ ধরার নৌকা ও ট্রলারকে আজ সন্ধ্যা পর্যন্ত সাবধানে চলাচল করার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।








