স্মার্টওয়াচের বাজারে নতুন ধরনের প্রতিযোগিতা তৈরি করতে যাচ্ছে গুগল। এবার স্ক্রিনবিহীন স্বাস্থ্য ট্র্যাকার ফিটবিট এয়ার বাজারে আসার প্রস্তুতি নিচ্ছে। যুক্তরাষ্ট্রে চলতি বছরের মে মাসে উন্মোচন করা হয় ডিভাইসটি।
সাধারণ স্মার্টওয়াচের মতো ফিটবিট এয়ারে কোনো ডিসপ্লে নেই। বরং ব্যবহারকারীর সার্বক্ষণিক স্বাস্থ্য ও ফিটনেস তথ্য সংগ্রহ করাই এর মূল লক্ষ্য। ডিভাইসটি স্মার্টফোনের সঙ্গে সংযুক্ত হয়ে গুগল হেলথ অ্যাপের মাধ্যমে বিভিন্ন স্বাস্থ্য তথ্য দেখায়।
স্ক্রিনবিহীন ডিজাইনে নতুন অভিজ্ঞতা
বর্তমান সময়ে অনেক ব্যবহারকারী স্মার্টওয়াচে নোটিফিকেশন, অ্যাপ ও বিভিন্ন ফিচারের চেয়ে স্বাস্থ্য পর্যবেক্ষণকে বেশি গুরুত্ব দিচ্ছেন। সেই চাহিদাকে সামনে রেখেই ফিটবিট এয়ার তৈরি করেছে গুগল।
ডিভাইসটিতে নেই কোনো স্ক্রিন, ফলে এটি তুলনামূলকভাবে হালকা ও আরামদায়ক। সারাদিন হাতে পরে থাকা, ঘুমের সময় ব্যবহার করা কিংবা ব্যায়ামের সময় ট্র্যাক করার জন্য এটি তৈরি করা হয়েছে। ফিটবিট এয়ার অ্যান্ড্রয়েড ও আইওএস-দুই ধরনের স্মার্টফোনের সঙ্গেই কাজ করবে। এতে রয়েছে হার্ট রেট পর্যবেক্ষণ, ঘুম বিশ্লেষণ, ফিটনেস ট্র্যাকিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্বাস্থ্য পরামর্শের সুবিধা।
আরও পড়ুনপিক্সেল সিরিজের নতুন ওয়াচ আনলো গুগল
থাকছে এআই স্বাস্থ্য কোচ
ফিটবিট এয়ারের অন্যতম আকর্ষণ হলো গুগল হেলথ কোচ। গুগলের জেমিনি এআই প্রযুক্তি ব্যবহার করে এই ফিচার ব্যবহারকারীর স্বাস্থ্য ও ব্যায়ামের তথ্য বিশ্লেষণ করে ব্যক্তিগত পরামর্শ দিতে পারে। ব্যবহারকারীর দৈনন্দিন কার্যক্রম, ঘুমের ধরন, ব্যায়ামের অভ্যাস ও শরীরের বিভিন্ন সূচকের ওপর ভিত্তি করে এআই স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য পরামর্শ দেবে। গুগলের দাবি, ফিটবিট এয়ার ব্যবহারকারীর জন্য ব্যক্তিগত ফিটনেস পরিকল্পনা তৈরি করতে পারবে এবং ব্যায়ামের সময় বিভিন্ন নির্দেশনাও দিতে পারবে।
স্বাস্থ্য পর্যবেক্ষণে একাধিক ফিচার
স্ক্রিন না থাকলেও স্বাস্থ্য পর্যবেক্ষণের ক্ষেত্রে বেশ শক্তিশালী ফিচার রয়েছে ফিটবিট এয়ারে। এতে রয়েছে-সার্বক্ষণিক হার্ট রেট মনিটরিং, হার্ট রিদম পর্যবেক্ষণ, অনিয়মিত হৃদস্পন্দন সতর্কতা, রক্তে অক্সিজেনের মাত্রা (SpO₂) পরিমাপ, বিশ্রামের সময় হার্ট রেট পর্যবেক্ষণ, হার্ট রেট ভ্যারিয়েবিলিটি ট্র্যাকিং, ঘুমের বিভিন্ন ধাপ বিশ্লেষণ, মোট ঘুমের সময় হিসাব।
এছাড়া ডিভাইসটি স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন ব্যায়াম শনাক্ত করতে পারে। ব্যবহারকারী চাইলে নিজে থেকেও ওয়ার্কআউট যোগ করতে পারবেন।
এক সপ্তাহ চলবে ব্যাটারি
ব্যাটারি লাইফের দিক থেকেও ফিটবিট এয়ার বেশ আকর্ষণীয়। গুগলের তথ্য অনুযায়ী, একবার চার্জ দিলে এটি প্রায় ৭ দিন পর্যন্ত ব্যবহার করা যাবে। এছাড়া মাত্র ৫ মিনিট চার্জ করলেই এটি প্রায় এক দিনের ব্যবহারের মতো শক্তি সরবরাহ করতে পারবে। ফলে ভ্রমণ বা ব্যস্ত জীবনে বারবার চার্জ দেওয়ার ঝামেলা কমবে।
আরও পড়ুন
একসঙ্গে দুটি স্মার্টওয়াচ আনছে স্যামসাং
হুপের সঙ্গে প্রতিযোগিতা
স্ক্রিনবিহীন স্বাস্থ্য ট্র্যাকার হিসেবে ফিটবিট এয়ার মূলত জনপ্রিয় হুপের মতো ডিভাইসগুলোর সঙ্গে প্রতিযোগিতা করবে। বর্তমানে অনেক ফিটনেসপ্রেমী ব্যবহারকারী এমন ডিভাইস পছন্দ করছেন, যেগুলো নোটিফিকেশন নয় বরং স্বাস্থ্য ও পারফরম্যান্স বিশ্লেষণে বেশি গুরুত্ব দেয়।
ফিটবিট এয়ারে থাকছে পরিবর্তনযোগ্য ব্যান্ডের সুবিধাও। ব্যবহারকারীরা প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের ব্যান্ড ব্যবহার করতে পারবেন। এর মধ্যে রয়েছে রিসাইকেলড পারফরম্যান্স লুপ ব্যান্ড, ঘাম প্রতিরোধী অ্যাকটিভ ব্যান্ড এবং প্রিমিয়াম ডিজাইনের মডার্ন ব্যান্ড।
বাংলাদেশেও আসার সম্ভাবনা
ভারতের বাজারে ফিটবিট এয়ারের প্রবেশ দক্ষিণ এশিয়ার পরিধানযোগ্য প্রযুক্তির বাজারে নতুন মাত্রা যোগ করতে পারে। যদিও বাংলাদেশে এর আনুষ্ঠানিক লঞ্চ সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি, তবে ভারতীয় বাজারে সফল হলে ভবিষ্যতে বাংলাদেশেও এটি আসার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য সচেতনতা, ফিটনেস ট্র্যাকিং এবং এআই প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে স্ক্রিনবিহীন এই ধরনের ডিভাইস ভবিষ্যতে স্মার্টওয়াচের বিকল্প হিসেবে জনপ্রিয় হয়ে উঠতে পারে।
কেএসকে



