ল্যাপটপ ব্যবহার শেষে অনেকেই দ্বিধায় পড়ে যান শাটডাউন করবেন, নাকি শুধু স্লিপ মোডে রেখে দেবেন? কেউ মনে করেন, বারবার শাটডাউন করলে ল্যাপটপের আয়ু কমে। আবার কেউ বলেন, সব সময় স্লিপ মোডে রাখলে ব্যাটারি ও পারফরম্যান্সের ক্ষতি হয়। আসলে কোনটি ভালো, তা নির্ভর করে আপনার ব্যবহার পদ্ধতির ওপর।

স্লিপ মোড কী?

স্লিপ মোডে ল্যাপটপ পুরোপুরি বন্ধ হয় না। এটি খুব কম বিদ্যুৎ ব্যবহার করে বর্তমান কাজগুলো র‍্যামে সংরক্ষণ করে রাখে। ফলে ঢাকনা খুলে বা পাওয়ার বাটন চাপলেই কয়েক সেকেন্ডের মধ্যে আগের অবস্থায় ফিরে আসা যায়। যারা দিনের মধ্যে বারবার ল্যাপটপ ব্যবহার করেন, তাদের জন্য এটি বেশ সুবিধাজনক।

আরও পড়ুন

ল্যাপটপ কেনার প্ল্যান? সেরা ১১ উইন্ডোজ ল্যাপটপের খোঁজ জেনে নিন

শাটডাউন করলে কী হয়?

শাটডাউন করলে অপারেটিং সিস্টেম বন্ধ হয়ে যায় এবং সব সফটওয়্যার সম্পূর্ণভাবে বন্ধ হয়। এতে বিদ্যুৎ খরচ হয় না এবং ব্যাকগ্রাউন্ডে চলা বিভিন্ন প্রসেসও থেমে যায়। নিয়মিত শাটডাউন করলে অস্থায়ী ফাইল মুছে যায়, মেমোরি নতুন করে রিফ্রেশ হয় এবং অনেক ছোটখাটো সফটওয়্যার সমস্যাও দূর হয়ে যায়।

কখন স্লিপ মোড ব্যবহার করবেন?

আপনি যদি কয়েক ঘণ্টার জন্য কাজ থেকে বিরতি নেন, মিটিংয়ে যান বা দিনের মধ্যে একাধিকবার ল্যাপটপ ব্যবহার করেন, তাহলে স্লিপ মোড সবচেয়ে কার্যকর।

এর সুবিধাগুলো হলো-

  • কয়েক সেকেন্ডেই কাজ শুরু করা যায়।
  • খোলা থাকা ফাইল বা সফটওয়্যার আবার চালু করতে হয় না।
  • ব্যাটারির ব্যবহার তুলনামূলক কম হয়।
  • তবে দীর্ঘ সময় স্লিপ মোডে রাখলে ধীরে ধীরে ব্যাটারি শেষ হতে পারে।

কখন শাটডাউন করাই ভালো?

যদি সারারাত বা এক দিনের বেশি সময় ল্যাপটপ ব্যবহার না করেন, তাহলে শাটডাউন করাই ভালো। বিশেষ করে-

  • সফটওয়্যার আপডেটের পর
  • ল্যাপটপ ধীরগতির মনে হলে
  • দীর্ঘ ভ্রমণে যাওয়ার আগে
  • কয়েক দিন ব্যবহার না করলে

এসব ক্ষেত্রে শাটডাউন করলে সিস্টেম নতুনভাবে চালু হয় এবং অনেক সমস্যা নিজে থেকেই ঠিক হয়ে যায়।

আরও পড়ুন

যেভাবে ব্যবহার করলে দীর্ঘদিন ভালো থাকবে ল্যাপটপ

ব্যাটারির জন্য কোনটি ভালো?

আধুনিক ল্যাপটপের ব্যাটারি ও হার্ডওয়্যার এমনভাবে তৈরি করা হয়, যাতে নিয়মিত শাটডাউন বা স্লিপ-দুটিই নিরাপদ থাকে। তবে স্লিপ মোডে থাকলে অল্প হলেও ব্যাটারি খরচ হয়। ব্যাগে ল্যাপটপ রেখে দীর্ঘ সময় স্লিপ মোডে রাখলে অনেক সময় ব্যাটারি অপ্রত্যাশিতভাবে শেষ হয়ে যেতে পারে। এমনকি কিছু ক্ষেত্রে ভেতরে তাপও তৈরি হতে পারে।

রিস্টার্টের গুরুত্ব ভুলবেন না

অনেকে সপ্তাহের পর সপ্তাহ শুধু স্লিপ মোড ব্যবহার করেন। এতে মেমোরি ব্যবস্থাপনায় সমস্যা দেখা দিতে পারে এবং পারফরম্যান্স কমে যেতে পারে। বিশেষজ্ঞরা অন্তত সপ্তাহে একবার ল্যাপটপ রিস্টার্ট করার পরামর্শ দেন। এতে অপারেটিং সিস্টেম নতুন করে লোড হয় এবং জমে থাকা অনেক ত্রুটি দূর হয়।

তাহলে কোনটি বেছে নেবেন?

দৈনন্দিন ব্যবহারের জন্য কয়েক ঘণ্টার বিরতিতে স্লিপ মোড সুবিধাজনক। কিন্তু দিনের কাজ শেষ হলে বা দীর্ঘ সময় ব্যবহার না করলে শাটডাউন করাই ভালো। অর্থাৎ, একটি অন্যটির বিকল্প নয়। পরিস্থিতি অনুযায়ী দুটিই কাজে লাগে।

কেএসকে