জামালপুরের মাদারগঞ্জে আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার আড়ালে গ্রাহকদের প্রায় ৪০০ কোটি টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে করা মামলায় আমির আব্দুল ওয়াহেদকে (৫৫) গ্রেফতার করেছে র্যাব। তিনি সমিতির পরিচালক ও মাদারগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির।
বুধবার (৫ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় বলেন, আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন
পরিস্থিতি দেখে মনে হচ্ছে আরেকটি বিপ্লব আসন্ন: জামায়াত আমির
এর আগে মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে জামালপুর শহরের বাইপাস এলাকা থেকে র্যাব-১৪ তাকে গ্রেফতার করে। সন্ধ্যায় মাদারগঞ্জ থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আব্দুল ওয়াহেদ আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির পরিচালক এবং মাদারগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির।
আরও পড়ুন
সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি: ডা. তাহের
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৫ সালে আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির ভুক্তভোগী গ্রাহকরা সমিতির পরিচালকদের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মাদারগঞ্জ মডেল থানায় মামলা করেন। ওই মামলাসহ আব্দুল ওয়াহেদের বিরুদ্ধে মোট আটটি মামলা রয়েছে। তিনি এসব মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি।
ওই সমবায় সমিতিতে গ্রাহকের সংখ্যা ১২ হাজার ৬৬১ জন। এতে গ্রাহকদের আমানতের মোট পরিমাণ ৩৯১ কোটি ৫৭ লাখ ৬৫ হাজার ৩৭৬ টাকা। সমিতিতে অর্থ আত্মসাতের অভিযোগ ওঠার পর আব্দুল ওয়াহেদকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে।
জামালপুর র্যাব-১৪, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর শহরের বাইপাস এলাকায় অভিযান চালিয়ে আব্দুল ওয়াহেদকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে মাদারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।’
হৃদয় আহম্মেদ/এসআর/জেআইএম








