এবারের বিশ্বকাপে গ্রুপপর্বেই দেখা গেছে রেকর্ডের বন্যা। গোল, দর্শকসংখ্যা, ব্যক্তিগত কীর্তি মিলিয়ে এবারের বিশ্বকাপে রেকর্ডের পেয়ালা কানায় কানায় পূর্ণ। সবচেয়ে বড় রেকর্ড গোলসংখ্যায়। গ্রুপপর্বে ৭২ ম্যাচে হয়েছে ২১৫ গোল। বিশ্বকাপের ইতিহাসে গ্রুপপর্বে এত গোল আগে কখনো হয়নি। আগের রেকর্ড ছিল ২০১৪ বিশ্বকাপে। ১৩৬ গোল। এবারের আসরে ৩৩ ম্যাচেই ১০০ গোল পূর্ণ হয়। ১৯৫৮ সালের পর এই নজির সবচেয়ে দ্রুত।
এখানেই শেষ নয়। দর্শকসংখ্যার বিচারে অতীতের সব বিশ্বকাপকে ছাপিয়ে গেছে এবারের বিশ্বকাপ। গ্রুপপর্ব শেষ হওয়ার আগেই মাঠে বসে খেলা দেখা দর্শকের সংখ্যা আগের সব বিশ্বকাপকে ছাড়িয়ে যায়। ৩.৬ মিলিয়ন দর্শক এবারের বিশ্বকাপ দেখতে মাঠে উপস্থিত হয়েছেন। নিউজার্সিতে জার্মানি-ইকুয়েডর ম্যাচেই দর্শকসংখ্যা আগের সব নজিরকে অতিক্রম করেছে। ১৯৯৪ বিশ্বকাপে ৩৫ লাখ ৮৭ হাজার ৫৩৮ জন দর্শক মাঠে বসে খেলা দেখেছিলেন। এতদিন এটাই ছিল রেকর্ড। একদিনে সর্বোচ্চ দর্শক উপস্থিতিতেও নজির তৈরি হয়েছে ১৬ জুন। সেদিন বিভিন্ন ম্যাচ মিলিয়ে মাঠে এসেছিলেন ২,৮১,২২৩ জন। আগের রেকর্ডটি ছিল ১৯৯৪ সালের ২৮ জুন। সেদিন সব ম্যাচ মিলিয়ে মাঠে হাজির হয়েছিলেন ২,৭৭,০৭০ জন দর্শক। ব্যক্তিগত অর্জনেও হয়েছে দুটি বড় রেকর্ড। সবচেয়ে বেশি গোলের রেকর্ড এখন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির। ১৯ গোল করে তিনি ভেঙে দিয়েছেন জার্মানির মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড। এছাড়া বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোলের অনন্য কীর্তি গড়েছেন মেসি। অন্যদিকে পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো টানা ছয় বিশ্বকাপে
গোল করার নজির গড়েছেন। কুরাসাওয়ের ইলয় রুম ইকুয়েডরের বিপক্ষে এক ম্যাচে ১৫টি অন-টার্গেট শট বাঁচিয়ে বিশ্বকাপের ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ সেভের রেকর্ড গড়েছেন। নরওয়ের বিপক্ষে মাত্র ৩২ মিনিটের মধ্যে উসমান দেম্বেলের দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক দেখেছে ফুটবলবিশ্ব। আরও রয়েছে। গ্রুপপর্বে হ্যাটট্রিকের হ্যাটট্রিক দেখা গেছে এবার। এই তালিকায় রয়েছেন লিওনেল মেসি (আর্জেন্টিনা), উসমান দেম্বেলে (ফ্রান্স) এবং জোনাথন ডেভিড (কানাডা)। তাছাড়াও ক্ষুদ্রতম দেশ হিসাবে নকআউটে উঠেছে কেপ ভার্দে। গোল করা ক্ষুদ্রতম দেশ হিসাবে নজির গড়েছে কুরাসাও। সবচেয়ে বয়সি কোচের নজির কুরাসাওয়ের ডিক অ্যাডভোকাটের। ৭৮ বছর ২৬০ দিন বয়সে ডাগআউটে বসার রেকর্ড গড়েন। এখন দেখার, নকআউট পর্বে আরও কত নতুন ইতিহাস লেখা হয়।
যত রেকর্ড গ্রুপপর্বে
সর্বোচ্চ গোল : ৭২ ম্যাচে ২১৫
দ্রুততম ১০০ গোল : (৩৩ ম্যাচে)
মাঠে রেকর্ড দর্শক : প্রায় ৪০ লাখ
একদিনে সর্বোচ্চ দর্শক
১৬ জুন, ২,৮১,২২৩ জন
সর্বাধিক লাল কার্ড : ১০
টানা ছয় বিশ্বকাপে গোল : ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (পর্তুগাল)
বিশ্বকাপে সর্বোচ্চ গোল : লিওনেল মেসি (১৯)
১৫টি শট বাঁচিয়ে সর্বোচ্চ সেভ
ইলয় রুম (কুরাসাও)
গ্রুপপর্বে হ্যাটট্রিকের হ্যাট্রিক : ডেভিড (কানাডা) মেসি (আর্জেন্টিনা), দেম্বেলে (ফ্রান্স)
দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক
নরওয়ের বিপক্ষে উসমান দেম্বেলে, ৩২ মিনিটে
ক্ষুদ্রতম দেশ হিসাবে নকআউটে : কেপ ভার্দে
গোল করা ক্ষুদ্রতম দেশ : কুরাসাও








