পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বড় ধরনের উদ্যোগ নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ‘এক শিক্ষার্থী, একটি গাছ’ ও ‘সবুজ ক্যাম্পাস, সবুজ শক্তি’ কর্মসূচির আওতায় আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২ কোটি বৃক্ষরোপণের মহাপরিকল্পনা গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি।গত ৩০ জুলাই রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে এক উচ্চপর্যায়ের সমন্বয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ।সভায় জানানো হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩০০টির বেশি কলেজ এবং প্রায় ৪০ লাখ শিক্ষার্থীকে এই কর্মসূচির সঙ্গে সরাসরি সম্পৃক্ত করা হবে। রোডম্যাপ অনুযায়ী, প্রতি শিক্ষাবর্ষে প্রতিটি শিক্ষার্থী অন্তত একটি করে গাছ রোপণ করবেন। এতে প্রতিবছর ৪০ লাখ এবং পাঁচ বছরে অন্তত ২ কোটি গাছ লাগানো সম্ভব হবে। শুধু গাছ লাগানোই নয়, রোপণ করা গাছের অন্তত ৮০ শতাংশ যাতে টিকে থাকে, সে জন্য ডিজিটাল মনিটরিং ব্যবস্থা ও শক্তিশালী জবাবদিহিমূলক কাঠামো গড়ে তোলা হবে।উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ বলেন, ‘এই কর্মসূচি সফল হলে সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে জাতীয় বিশ্ববিদ্যালয় ঐতিহাসিক ভূমিকা রাখবে। এটি শিক্ষার্থীদের পরিবেশ-সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতেও সাহায্য করবে।’একই সঙ্গে ‘সবুজ ক্যাম্পাস, সবুজ শক্তি’ উদ্যোগের আওতায় কলেজগুলোতে পরিবেশবান্ধব অবকাঠামো ও কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে। কর্মসূচিটি সফল করতে একটি উচ্চপর্যায়ের সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে কিছু কলেজে পাইলট প্রকল্প চালুর পর পর্যায়ক্রমে সারা দেশে এটি সম্প্রসারণ করা হবে।সমন্বয় সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলী জিন্নাহ, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. নাজমুল হোসাইন, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনসহ ইউনেস্কো ও জাইকার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রাজনীতি
৫ বছরে ২ কোটি গাছ লাগাবে জাতীয় বিশ্ববিদ্যালয়

শেয়ার করুন







