ঢাকায় বসবাসরত সাতক্ষীরার দেবহাটা উপজেলার বাসিন্দাদের সামাজিক সংগঠন ‘দেবহাটা উপজেলা সমিতি, ঢাকা’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ৩২ সদস্যবিশিষ্ট এই কমিটিতে মো. খাইরুল ইসলাম সভাপতি এবং তাহাজ্জাত হোসেন হিরু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী আল মাহমুদ সুমন।শুক্রবার (৩১ জুলাই) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি সদর দপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত এক সভায় আগামী দুই বছর মেয়াদি এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। সভায় সমিতির উপদেষ্টা পরিষদসহ দেবহাটার বিভিন্ন পর্যায়ের পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সভার শুরুতে সংগঠনের নতুন গঠনতন্ত্র সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। এরপর আহ্বায়ক কমিটির মেয়াদ শেষ হওয়ায় ‘ওপেন হাউস’ পদ্ধতিতে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। উপদেষ্টা পরিষদের সদস্যরা পুরো নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করেন।নবগঠিত কমিটির নেতারা জানান, ঢাকায় বসবাসরত দেবহাটার বাসিন্দাদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করাই তাদের মূল লক্ষ্য। এছাড়া শিক্ষা, মানবিক সহায়তা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ নিয়ে সংগঠনটি আরও কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।