ফুটবল বিশ্বকাপকে ঘিরে মধ্যবিত্ত পরিবারের চিরচেনা উন্মাদনা, হাসি-ঠাট্টা আর পারিবারিক খুনসুটি নিয়ে নির্মিত বিশেষ নাটক ‘আমাদের বিশ্বকাপ’ দর্শকদের মন জয় করেছে। মুক্তির পর থেকেই নাটকটি ব্যাপক সাড়া ফেলেছে।
অল্প কয়েকদিনের মধ্যেই জাগো এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে নাটকটির দর্শকসংখ্যা ৫০ লাখ (৫ মিলিয়ন) ছাড়িয়েছে।
নাটকটি ঘিরে ইউটিউবের মন্তব্যের ঘরেও দেখা যাচ্ছে দর্শকদের উচ্ছ্বাস। কেউ গল্পের বাস্তবতা তুলে ধরছেন, কেউ আবার অভিনয়শিল্পীদের অভিনয়ের প্রশংসা করছেন। অনেকের মতে, নাটকটি যেন বাংলাদেশের অসংখ্য মধ্যবিত্ত পরিবারের বিশ্বকাপ-ঘিরে পরিচিত আবেগ, প্রতিদ্বন্দ্বিতা ও আনন্দেরই প্রতিচ্ছবি।
নাটকটি পরিচালনা করেছেন মহিদুল মহিম। বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে একটি সাধারণ পরিবারের গল্পই তুলে ধরেছেন তিনি। যেখানে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের প্রতিদ্বন্দ্বিতা শুধু খেলার মাঠেই সীমাবদ্ধ থাকে না; তা ছড়িয়ে পড়ে পরিবারের ভেতরেও।
স্বামী-স্ত্রীর মজার তর্ক, পাড়া-মহল্লার পতাকা টানানো, খেলা নিয়ে বাজি ধরা এবং বিশ্বকাপের সময়কার চেনা উন্মাদনাকে হাস্যরসের মাধ্যমে পর্দায় তুলে ধরা হয়েছে।
নাটকটিতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, সুনেহরা বিনতে কামাল, নাদের চৌধুরী, মুনিরা আক্তার মিঠু, দীপা খন্দকার, সরাফ আহমেদ জীবন, সাইদুর রহমান পাভেল ও মুকিত জাকারিয়াসহ একঝাঁক জনপ্রিয় অভিনয়শিল্পী। তাদের স্বতঃস্ফূর্ত অভিনয় নাটকটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে।
নাটকটির এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নির্মাতা মহিদুল মহিম। তিনি বলেন, ‘আমরা যখন প্রচণ্ড রোদ আর গরমের মধ্যে ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং করছিলাম, তখন একটাই লক্ষ্য ছিল গল্পটা যেন দর্শকদের একদম নিজের গল্প মনে হয়। আজ যখন দেখি ৫০ লাখেরও বেশি মানুষ নাটকটি দেখেছেন এবং এত ভালোবাসা দিচ্ছেন, তখন সব পরিশ্রম সার্থক মনে হয়। দর্শকদের এই ভালোবাসাই আমাদের সামনে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা। পুরো টিমের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ।’
এমআই/এলআইএ








