পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনে প্রবেশের সময় লাইনচ‍্যুত একতা এক্সপ্রেসের ‘পাওয়ার কার’ উদ্ধার করা হয়েছে। এতে ৬ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চল ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার (১৩ জুলাই) রাত ১০টার দিকে লাইনচ‍্যুত ‘পাওয়ার কার’ উদ্ধার করা হয়। এর আগে, বিকেল ৪টার দিক এ দুর্ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম লাইনচ‍্যুত ‘পাওয়ার কার’ উদ্ধার ও উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, এ ঘটনায় পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) মোশাররফ হোসেন ভূঁইয়াকে আহ্বায়ক করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।