জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিএনপি ছয় মাসেই দুঃখজনকভাবে অজনপ্রিয় সরকারে পরিণত হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি সংকট ও লোডশেডিংয়ে মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান দলীয়করণ ও স্বজনপ্রীতি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে ফেনী শহরের একটি হোটেলে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ইউনিয়ন পরিষদে প্রশাসক বসানোর উদ্যোগের সমালোচনা করে সারজিস আলম বলেন, বিএনপি ইউনিয়ন পরিষদেও প্রশাসক বসাতে যাচ্ছে। এটা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য লজ্জাজনক উদাহরণ হয়ে থাকবে।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সামনে স্থানীয় নির্বাচন আসছে। বিএনপি ইতোমধ্যে তাদের কমিটমেন্ট এবং গণভোটের সঙ্গে প্রতারণা করেছে, তাদের ৩১ দফার সঙ্গেও প্রতারণা করেছে। সে জায়গা থেকে জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।
গুমের অধ্যাদেশ নিয়েও বিএনপির সমালোচনা করে সারজিস বলেন, গুমের অধ্যাদেশের ক্ষেত্রে বিএনপি আওয়ামী লীগের পথেই হাঁটছে। আওয়ামী লীগের সময়ে গুমের যে আইন ছিল, তার চেয়েও দুর্বলভাবে সেটি আনা হয়েছে বলে দাবি করেন তিনি।
এনসিপির এই নেতা বলেন, প্রত্যাশা ছিল বিএনপি কিছু দিক আরো ভালোভাবে সংস্কার, যাচাই-বাছাই ও সমৃদ্ধ করে জনগণের জন্য বাস্তবায়ন এবং আইনে পরিণত করবে। কিন্তু, কিছুদিন আগে গুম অধ্যাদেশ যেভাবে আনা হয়েছে, সেটি আওয়ামী লীগের সময়ে গুমের যে আইন ছিল, তার চেয়েও দুর্বলভাবে আনা হয়েছে।
বিএনপির ৩১ দফাকে মুখের বুলি আখ্যা দিয়ে তিনি বলেন, মানবাধিকার সংক্রান্ত যেসব অধ্যাদেশ বাতিল করা হয়েছে, সেগুলো পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়া হচ্ছে। যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সংস্থা ও সদস্যদের দ্বারা গুম হয়, তাদের কাছেই মামলা, অভিযোগ ও তদন্ত করানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
জুলাই সনদ অনুযায়ী বিরোধী দলের সংসদীয় ১৩টি স্থায়ী কমিটির সভাপতি পাওয়ার কথা উল্লেখ করে সারজিস আলম বলেন, বিএনপি তা দিচ্ছে না। তারা বিভিন্ন জায়গায় ফাঁদ তৈরি করছে। অংশগ্রহণ করলেও দোষ, না করলেও দোষ এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
স্থানীয় সরকার নির্বাচনে এনসিপির অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, এখন পর্যন্ত এনসিপি এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এককভাবেই আমাদের প্রার্থী ঘোষণা করা হবে। আমরা এ লড়াই করতে চাই। হয়তো কোনো জায়গায় আমরা প্রত্যাশা অনুযায়ী ভোট পাব না, কিন্তু শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা করব।








