চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসলে নেমে হায়াত আলী (৫১) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাজিপাড়া সংলগ্ন হরিপুর ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
হায়াত আলী কাজিপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কাজিপাড়ার হরিপুর ঘাটে মহানন্দা নদীতে গোসল করতে নামেন হায়াত আলী। একপর্যায়ে নদীর স্রোতে তিনি পানিতে তলিয়ে যান। বিষয়টি দেখে স্থানীয় লোকজন তাৎক্ষণিক নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় চেষ্টা চালিয়েও তার সন্ধান না মেলায় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে। বিকেল সাড়ে ৩টার দিকে নদী থেকে হায়াত আলীর মরদেহ উদ্ধার করেন ডুবুরিরা।
গোদাগাড়ী নৌ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জীবন চন্দ্র রায় জানান, নদীর প্রবল স্রোতে ভেসে গিয়ে হায়াত আলীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে উদ্ধার অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।








