বরিশালে ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে ধরে চেক ও স্ট্যাম্পে সই নেওয়া মোস্তাফিজুর রহমান লিটুকে গ্রেফতারের পর চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। তার দাবি, ৭৫ লাখ টাকা নিয়ে ১৬ বছর ধরে ঘুরাচ্ছিলেন আবাসন ব্যবসায়ী আব্দুল আজিজ হাওলাদার। তবে আজিজ ঘটনা ভাইরাল হওয়ার আগে বিষয়টি অস্বীকার করলেও সোমবার অভিযোগটি ভিন্নভাবে স্বীকার করেছেন।
অণ্ডকোষ চেপে ধরে চেক ও স্ট্যাম্পে সই নেওয়ার ঘটনায় রোববার মোস্তাফিজুর রহমানকে গ্রেফতার করে পুলিশ।
এর আগে ২৭ জুন সন্ধ্যায় বরিশাল নগরীর সদর রোডের অগ্রণী হাউজিং (আবাসন) লিমিটেডের এমডি আব্দুল আজিজ হাওলাদারের অণ্ডকোষ চেপে দুটি চেক ও ছয় পাতার স্ট্যাম্পে সই নেন মোস্তাফিজুর রহমানসহ কয়েকজন। এর আগে ওই ব্যবসায়ীর ওপর হামলা হয়। এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হলে দেশব্যাপী আলোচনার জন্ম দেয়।
এ ঘটনায় মোস্তাফিজুর রহমানসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন আব্দুল আজিজ। শনিবার রাতে ভিডিও ভাইরাল হওয়ার পর রোববার তাকেসহ দুইজনকে গ্রেফতার করা হয়। পরে অভিযোগ অস্বীকার করে মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনার সময় উপস্থিত সবাই অগ্রণী হাউজিং লিমিটেডের পরিচালক। আব্দুল আজিজ প্রতিষ্ঠানের পরিচালকদের অর্থ আত্মসাৎ করেছেন। সেই টাকা আদায়ের জন্য তিনি এ কাজ করেছেন। মোস্তাফিজুর রহমানের স্ত্রী উম্মে হাবিবা বলেন, আমার স্বামী ২০ বছর প্রবাস জীবন কাটিয়ে দেশে আসার পর অগ্রণী (আবাসন) হাউজিং লিমিটেডের সঙ্গে ব্যবসায়ী অংশীদার হন। তবে আজিজ পাওনা ৭৫ লাখ টাকা নিয়ে দীর্ঘদিন ধরে ঘুরাচ্ছেন। তিনি আরও বলেন শুধু মোস্তাফিজুর রহমান নয়, এ রকম অনেক মানুষ আজিজের কাছে টাকা পায়। বিষয়টি তদন্ত করা হোক।
আগে টাকার সব হিসাব মীমাংসা করা হয়েছে দাবি করলেও সোমবার ব্যবসায়ী আজিজ বলেন, ২০১৪ সালে অগ্রণী হাউজিং লিমিটেড প্রতিষ্ঠা করা হয়। তবে এর কিছুদিন পর পরিচালকদের দ্বন্দ্বে টাকা ও সম্পদ ভাগ করার সিদ্ধান্ত হয়। এর মধ্যে এক পরিচালক মামলা করায় বিষয়টি আটকে যায়। এতদিন মোস্তাফিজের সেই টাকা ও সম্পদ বুঝিয়ে দেওয়া হয়নি।
রিহ্যাবের সংবাদ সম্মেলন : আব্দুল আজিজের ওপর হামলা ও জোরপূর্বক সই নেওয়ার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক দাবি জানিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। রোববার রাজধানীতে রিহ্যাবের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজাল এ দাবি জানান। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন রিহ্যাবের প্রেসিডেন্ট ও সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট-৩ এএফএম ওবায়দুল্লাহ এবং পরিচালক প্রকৌশলী মো. মোস্তফা কামাল, হাবিবুর রহমান হাবিব, শেখ কামাল এ মো. এমদাদুল হোসেন সোহেল প্রমুখ।








