চাঁদপুরে দীর্ঘ আট বছর প্রতীক্ষার পর চাঁদপুর মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের জমি নির্ধারণ করা হয়েছে।
রোববার (১২ জুলাই) সকালে চাঁদপুর সদরের গাছতলা ব্রিজ সংলগ্ন ডাকাতিয়া নদীর পাড় এলাকায় মেডিকেল কলেজের নির্ধারিত স্থান উদ্বোধন করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
এর আগে গত ২৯ এপ্রিল জাতীয় সংসদে চাঁদপুরে মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর স্থানীয় প্রশাসন গাছতলা ব্রিজ সংলগ্ন ডাকাতিয়া নদীর পাড় এলাকায় জমি পরিদর্শন করে প্রকল্প বাস্তবায়নের জন্য ৩০ দশমিক ১২ একর জমি অধিগ্রহণের প্রস্তাব পাঠায়। প্রস্তাবিত জমির মধ্যে দুই দশমিক ৫৮ একর ছিল খাসজমি এবং ২৭ দশমিক ৫৪ একর ছিল ব্যক্তিমালিকানাধীন। পরবর্তীতে চূড়ান্ত যাচাই-বাছাই শেষে প্রায় ৩০ একর জমি অধিগ্রহণ সম্পন্ন করা হয়।
২০১৮ সালে চাঁদপুর মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হলেও নিজস্ব ক্যাম্পাস না থাকায় শুরু থেকেই চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে একাডেমিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এরই মধ্যে প্রতিষ্ঠানটির দুটি ব্যাচ এমবিবিএস সম্পন্ন করে চিকিৎসক হিসেবে কর্মজীবনে প্রবেশ করেছে। সংশ্লিষ্টদের আশা, স্থায়ী ক্যাম্পাস নির্মিত হলে শিক্ষার মান, চিকিৎসা সেবা ও অবকাঠামোগত সুবিধা আরও সম্প্রসারিত হবে।
সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, ‘চাঁদপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ ও আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠা। এ প্রকল্প বাস্তবায়িত হলে জেলার স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি দক্ষ চিকিৎসক ও নার্স তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই প্রতিষ্ঠান।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. শায়লা শারমিন, প্রকল্প পরিচালক ডা. হারুনুর রশিদ, চাঁদপুরের পুলিশ সুপার মিজানুর রহমান, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নাসিম উদ্দিন টিটু, চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামিউল হিকমা প্রমুখ।
শরীফুল ইসলাম/এফএ/এএসএম








