দেশজুড়ে চলমান বর্ষণের মধ্যেই নতুন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকাসহ দেশের ছয়টি বিভাগে আগামী ২৪ ঘণ্টায় ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে দেশের সব বিভাগেই অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।আজ রবিবার (১২ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমি বায়ুর বর্ধিতাংশের অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর তীব্রভাবে সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।এই আবহাওয়ার কারণে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতিভারি (৮৯ মিলিমিটার বা তার বেশি) বর্ষণ হতে পারে।অতিভারি বৃষ্টির পূর্বাভাসের পাশাপাশি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের ভারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।এদিকে আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পটুয়াখালীতে, যার পরিমাণ ১৩২ মিলিমিটার। টানা এই বৃষ্টির কারণে দেশের বিভিন্ন অঞ্চলের চলমান বন্যা ও জলজট পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রাজনীতি
ঢাকাসহ ৬ বিভাগে অতিভারি বৃষ্টির শঙ্কা

শেয়ার করুন







