ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নে স্থানীয় জনগণের তৎপরতায় বিপুল পরিমাণ চোরাই ভারতীয় কাপড়সহ একটি পিকআপ ভ্যান ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। শনিবার (১১ জুলাই) রাতে ইউনিয়নের তালপুকুরিয়া ও হাসানপুর মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। তবে জনরোষের মুখে কাপড়ের চালানের সঙ্গে থাকা একটি অ্যাম্বুলেন্সসহ চালক ও সহযোগীরা পালিয়ে গেছেন।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার রাতে ‘মায়ের দোয়া এন্টারপ্রাইজ’ নামের একটি পিকআপ ভ্যান ও একটি অ্যাম্বুলেন্সের গতিবিধি সন্দেহজনক মনে হয় স্থানীয়দের। বিষয়টি টের পেয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম পলাশ ও আনন্দপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন মহিসহ স্থানীয় বাসিন্দারা গাড়ি দুটি থামানোর চেষ্টা করেন।এ সময় অ্যাম্বুলেন্সটি দ্রুত গতিতে পালিয়ে গেলেও ভারতীয় কাপড় বোঝাই পিকআপ ভ্যানটিকে ধাওয়া করেন জনতা। পরে হাসানপুর মসজিদের সামনে সেটিকে ঘেরাও করা হয়। বেগতিক দেখে চালক ও সহকারী পিকআপটি রেখে কৌশলে পালিয়ে যান। ঘটনাস্থল থেকে চোরাচালানে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। পরে জব্দ করা সরঞ্জাম ও কাপড় ফুলগাজী থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন স্থানীয়রা।ফুলগাজী থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পিকআপ ভ্যানটি থেকে ২০ গাইট ভারতীয় কাপড় উদ্ধার করা হয়েছে। এসব মালের সঠিক বাজারমূল্য নির্ধারণের কাজ চলছে। জব্দ করা মোটরসাইকেলটিও পুলিশ হেফাজতে রয়েছে।তিনি আরও জানান, এ ঘটনার সঙ্গে জড়িত চালক, সহকারী ও চোরাচালান চক্রের মূল হোতাদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।/
রাজনীতি
জনতার সাহসিকতায় ধরা পড়ল ভারতীয় কাপড়

শেয়ার করুন







