৯৪ বছরের এক ইতিহাস—আজ আনুষ্ঠানিকভাবে শেষ। কলকাতার ব্যস্ততম রাস্তাগুলির মধ্যে অন্যতম, পার্ক সার্কাসের সোরাবর্দি অ্যাভিনিউ—এখন থেকে আর সেই নামে পরিচিত নয়।নতুন নাম—গোপাল মুখার্জি রোড। ইতিহাস, রাজনীতি আর স্মৃতির সংঘাতে—শহর দেখল এক বড় পরিবর্তন। অবশেষে বাস্তবায়িত হল সিদ্ধান্ত। পার্ক সার্কাস সেভেন পয়েন্টস সংলগ্ন সোরাবর্দি অ্যাভিনিউয়ের নাম বদলে বসানো হল নতুন নামফলক—‘গোপাল মুখার্জি রোড’।শনিবার, ২৭ জুন কলকাতা পুরসভার উদ্যোগে আনুষ্ঠানিকভাবে এই নামফলক বসানো হয়।শুরু হল রাস্তার নতুন পরিচয়, নতুন ইতিহাস।এই সিদ্ধান্তের সূচনা হয়েছিল ২০ জুন, পশ্চিমবঙ্গ দিবসে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন—এই নামবদল একটি ‘ঐতিহাসিক ভুল সংশোধন’।মাত্র এক সপ্তাহের মধ্যেই সেই ঘোষণা বাস্তবে রূপ পেল। কিন্তু এই রাস্তার পুরনো নামের পিছনেও রয়েছে গভীর ইতিহাস। ১৯৩২ সালে কলকাতা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট এই রাস্তার নামকরণ করেছিল স্যার হাসান সোরাবর্দির নামে।তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম উপাচার্য এবং একজন বিশিষ্ট চিকিৎসক। তাঁর অবদানকে সম্মান জানাতেই সেই সময় এই নামকরণ।অন্যদিকে, নতুন নামের কেন্দ্রবিন্দুতে রয়েছেন গোপাল মুখোপাধ্যায়—যিনি ‘গোপাল পাঁঠা’ নামে পরিচিত।১৯৪৬ সালের গ্রেট ক্যালকাটা কিলিংস-এর সময় হিন্দু সমাজকে রক্ষার জন্য তাঁর ভূমিকার কথা আজও ইতিহাসে আলোচিত।তাঁকেই শ্রদ্ধা জানাতে এই নাম পরিবর্তন—এমনটাই জানাচ্ছে রাজ্য সরকার।শুধু নামফলকেই থেমে নেই এই উদ্যোগ।কুমোরটুলিতে তৈরি হচ্ছে গোপাল মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তি—যা খুব শিগগিরই উন্মোচিত হবে বলে জানা যাচ্ছে।তবে এই নামবদল ঘিরে বিতর্কও কম হয়নি।ইতিহাসপ্রেমী মহলের একাংশের মতে—এভাবে পুরনো নাম মুছে ফেলা মানে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় মুছে দেওয়া।আবার অন্য একটি অংশের দাবি—এটি ইতিহাসের ‘সংশোধন’, এবং প্রকৃত নায়কদের সম্মান দেওয়ার সময় এসেছে।তবে বিতর্কের মাঝেই শহর এগিয়ে চলেছে।দৈনন্দিন জীবনে, ঠিকানায়, মানচিত্রে—এবার থেকে জায়গা করে নিল নতুন নাম—গোপাল মুখার্জি রোড।ইতিহাস কি বদলাল? নাকি নতুন করে লেখা হল? সেই প্রশ্নের উত্তর সময়ই দেবে। ইতিহাসের পাতা থেকে রাস্তায়—কলকাতা আবার দেখল নামের রাজনীতি।
রাজনীতি
৯৪ বছরের ইতিহাস মুছে নতুন অধ্যায় — সোরাবর্দি অ্যাভিনিউ এখন গোপাল মুখার্জি রোড

শেয়ার করুন







