কারাগারে অসুস্থ হয়ে পড়ায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনিকে (৬৪) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (২৯ জুন) সকাল ৬টার দিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে হাসপাতালের নতুন ভবনের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. আরিফুজ্জামান বলেন, “দীপু মনির আগে থেকেই কিডনি, থাইরয়েড ও অ্যালার্জিজনিত সমস্যা রয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক নয়। তবে, উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মুহাম্মদ এনায়েত উল্ল্যাহ জানান, দীপু মনি দীর্ঘদিন ধরেই রোগে ভুগছেন। নিয়মিত তাকে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা করাতে হয়। রবিবার রাত দেড়টার দিকে তিনি অসুস্থতা অনুভব করলে তাৎক্ষণিকভাবে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
ডা. দীপু মনি চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী এবং প্রথম নারী শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন তিনি। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ২০২৪ সালের ১৯ আগস্ট রাজধানীর বারিধারা এলাকা থেকে গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, দুর্নীতি ও মানবতাবিরোধী অপরাধসহ বিভিন্ন অভিযোগে প্রায় ৭০টি মামলা রয়েছে। এর মধ্যে অন্তত ৩৮টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।








