হলিউডের জনপ্রিয় তরুণ অভিনেত্রী জেনা ওর্তেগা এবার একেবারে ভিন্নধর্মী চরিত্রে দর্শকের সামনে আসছেন। রহস্য, ভৌতিক বা থ্রিলারধর্মী চরিত্রের বাইরে গিয়ে তিনি অভিনয় করেছেন কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন একটি রোবটের ভূমিকায়। নতুন এই চলচ্চিত্রের নাম ‘ক্লারা অ্যান্ড দ্য সান’।নোবেলজয়ী সাহিত্যিক কাজুও ইশিগুরোর ২০২১ সালে প্রকাশিত একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। এতে ‘ক্লারা’ নামের একটি সৌরশক্তিচালিত কৃত্রিম বন্ধুর চরিত্রে দেখা যাবে জেনা ওর্তেগাকে।চলচ্চিত্রটি পরিচালনা করেছেন খ্যাতিমান নির্মাতা তাইকা ওয়াইটিটি। সম্প্রতি প্রকাশিত প্রথম ঝলকে জেনার নতুন এই রূপ দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।গল্পে দেখা যায়, অসুস্থ ও নিঃসঙ্গ এক কিশোরীর সঙ্গী হিসেবে ক্লারাকে কিনে আনে তার মা। মানুষের সঙ্গে বসবাস করতে গিয়ে ভালোবাসা, আবেগ, একাকিত্ব এবং সম্পর্কের নানা দিক বুঝতে শুরু করে রোবটটি। ধীরে ধীরে মানুষের জীবন ও অনুভূতি সম্পর্কে নিজস্ব উপলব্ধি গড়ে ওঠে তার। মানুষ ও কৃত্রিম সত্তার সম্পর্ক কীভাবে গড়ে ওঠে, সেই প্রশ্নই চলচ্চিত্রটির মূল বিষয়।পরিচালক তাইকা ওয়াইটিটি জানিয়েছেন, শুরুতে তিনি চলচ্চিত্রটিকে নিজের পরিচিত হাস্যরসাত্মক ধাঁচে নির্মাণ করতে চেয়েছিলেন। তবে চিত্রনাট্যের কাজ করতে গিয়ে উপন্যাসটির আবেগ ও গভীরতা উপলব্ধি করার পর তিনি ভিন্ন পথে হাঁটার সিদ্ধান্ত নেন। ফলে এটি তার নির্মিত অন্যতম আবেগঘন ও নাটকীয় চলচ্চিত্রে পরিণত হয়েছে।চলচ্চিত্রটিতে ভবিষ্যতের এমন এক সমাজের চিত্র তুলে ধরা হয়েছে, যেখানে উন্নত প্রযুক্তি থাকলেও মানুষের দৈনন্দিন জীবন থেকে ইন্টারনেট প্রায় বিলুপ্ত। সেই প্রেক্ষাপটে কৃত্রিম বুদ্ধিমত্তা ও মানবিক সম্পর্কের জটিলতা নতুনভাবে তুলে ধরা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৩ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ক্লারা অ্যান্ড দ্য সান’। এর আগে মর্যাদাপূর্ণ টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্রটির প্রিমিয়ার হওয়ার সম্ভাবনাও রয়েছে।
রাজনীতি
এবার রোবটের ভূমিকায় জেনা ওর্তেগা

শেয়ার করুন







