চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনকারী একটি কারখানায় অভিযান চালিয়ে আটজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কারখানাটির বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৯টা থেকে দেড়টা পর্যন্ত সদর উপজেলার সরলা ফুলতলা এলাকায় এই অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকরামুল হক নাহিদ।

আজ বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকরামুল হক নাহিদ জানান, কোনো ধরনের বৈধ অনুমোদন ছাড়াই কারখানাটিতে পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর পদ্ধতিতে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদন করা হচ্ছিল। এতে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক আটজনকে এক থেকে তিন মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া ভবিষ্যতে যাতে কারখানাটি পুনরায় একই ধরনের কার্যক্রম পরিচালনা করতে না পারে, সে জন্য নেসকো-১-এর সহযোগিতায় কারখানাটির বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সদর মডেল থানা-পুলিশের দুটি দল সহায়তা করে।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকরামুল হক নাহিদ বলেন, পরিবেশদূষণকারী অবৈধ শিল্পকারখানার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।