২০২২ কাতার বিশ্বকাপ ফাইনালের পুনরাবৃত্তি ঘটিয়ে এবারও শেষ মহারণে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ফ্রান্স। এই ভবিষ্যদ্বাণী করেছে অপটা সুপার কম্পিউটার। গ্রুপপর্বে বিভিন্ন দলের পারফরম্যান্স আঁতশি কাচের নিচে ফেলে এই সিদ্ধান্তে পৌঁছেছে কম্পিউটার। তার মতে, আর্জেন্টিনার ১৬.২৬ শতাংশ এবং ফ্রান্সের ১৮.৬৬ শতাংশ সম্ভাবনা রয়েছে ফাইনালে খেলার। সুপার কম্পিউটারের প্রথম ভবিষ্যদ্বাণী নির্ভুল প্রমাণিত হয়েছে। শেষ বত্রিশের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কানাডার জয়ের সম্ভাবনা ৬৮.২৯ শতাংশ বলে পূর্বাভাস দিয়েছিল কম্পিউটার। রোববার রাতে ওই ম্যাচ জিতে প্রথমবারের মতো শেষ ষোলোতে চলে গেছে কানাডা। সোমবার রাতে ব্রাজিল-জাপান ম্যাচের ফলও ইতোমধ্যে জানা হয়ে গেছে সবার। ওই ম্যাচে কম্পিউটার ব্রাজিলের জয়ের সম্ভাবনা উল্লেখ করেছিল ৬৮.৯৪ শতাংশ। আবার প্যারাগুয়ের বিপক্ষে জার্মানির জয়ের সম্ভাবনা বলেছিল ৭৮.৫৮ শতাংশ। এই ম্যাচের ফলও এখন সবার জানা। শেষ বত্রিশের অন্যান্য ম্যাচের ফল নিয়ে সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী এরকম-সুইডেনের বিপক্ষে ফ্রান্সের জয়ের সম্ভাবনা ৮১.৪৬ শতাংশ, ডিআর কঙ্গোর বিপক্ষে ইংল্যান্ডের ৮৪.০৪ শতাংশ, অস্ট্রিয়ার বিপক্ষে স্পেনের ৮৫.২২ শতাংশ, ক্রোয়েশিয়ার বিপক্ষে পর্তুগালের ৬৭.৪২ শতাংশ এবং কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৮৯.২৪ শতাংশ।








