দক্ষিণ ভারতীয় তারকা আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানাকে আবারও একসঙ্গে দেখা যেতে পারে বহুল প্রতীক্ষিত সায়েন্স-ফ্যান্টাসি অ্যাকশন সিনেমা ‘রাকা’তে। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, শিগগিরই মুম্বাইয়ে শুরু হতে যাচ্ছে সিনেমাটির নতুন শিডিউলের শুটিং, যেখানে যোগ দেবেন রাশমিকা। ‘পুষ্পা’ ফ্র্যাঞ্চাইজিতে পুষ্পা রাজ ও শ্রীভল্লি চরিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয় জয় করেছিলেন এ দুই তারকা। ‘রাকা’ হবে সেই সফল জুটির প্রথম পুনর্মিলন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সিনেমায় রাশমিকাকে নেতিবাচক চরিত্রে দেখা যেতে পারে। তথ্যটি সত্য হলে মূলধারার বাণিজ্যিক সিনেমায় এটিই হবে তার প্রথম খলনায়িকা চরিত্র। যদিও নির্মাতারা এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি। জনপ্রিয় নির্মাতা অ্যাটলি পরিচালিত ‘রাকা’য় গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন দীপিকা পাড়ুকোন। বড় বাজেটের এ সিনেমাটি ২০২৭ সালের শেষ দিকে মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। এদিকে রাশমিকার হাতে রয়েছে একাধিক বড় প্রকল্প। ‘মাইসা’, ‘রানাবালি’, ‘পুষ্পা ৩’ এবং ‘অ্যানিমেল পার্ক’-এর মতো সিনেমায়ও তাকে দেখা যাবে। তবে ‘রাকা’-তে তার সম্ভাব্য খলচরিত্রই এখন ভক্তদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।