চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের প্রতিবাদে তাঁর সমর্থকদের সড়ক অবরোধের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ উদ্যোগে সড়ক থেকে গাছের গুঁড়ি সরিয়ে দেওয়ার পর আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে আটকে থাকা যানবাহন চলাচল শুরু করে।

এর আগে মঙ্গলবার বিকেল ৪টার পর উপজেলার ছোট দারোগার হাট, পৌর সদর, সিরাজ ভূঁইয়া রাস্তার মাথা, বাড়বকুণ্ড, বাঁশবাড়িয়াসহ ১৫ থেকে ২০টি স্থানে অবস্থান নিয়ে আসলাম চৌধুরীর সমর্থক বিএনপির বিক্ষুব্ধ নেতা-কর্মীরা মহাসড়ক অবরোধ করেন। এতে প্রায় ২৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। শত শত দূরপাল্লার যানবাহন আটকা পড়ে এবং সাধারণ যাত্রী, শিক্ষার্থী ও চাকরিজীবীরা ভোগান্তিতে পড়েন।

আপিল বিভাগে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের খবর ছড়িয়ে পড়ার পর আজ দুপুর থেকেই উপজেলার বিভিন্ন স্থানে তাঁর সমর্থকেরা বিক্ষোভ সমাবেশ শুরু করেন। পরে মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ কেটে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করা হয়।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, অবরোধকারীরা মহাসড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে এবং গাছ কেটে সড়ক বন্ধ করে দেওয়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় সড়কে ফেলে রাখা গাছগুলো কেটে সরিয়ে নেওয়া হয়। একই সঙ্গে বিক্ষুব্ধ নেতা-কর্মীদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হলে বিকেল সাড়ে ৫টার পর থেকে আটকে থাকা যানবাহন চলাচল শুরু করে। কিছু সময়ের মধ্যেই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।