হলিউড তারকা জেনিফার লোপেজ যে ‘অফ ক্যাম্পাস’ সিরিজের ভক্ত, তা হয়তো অনেকেই জানতেন না। তবে সম্প্রতি প্রাইম ভিডিওর ২০২৬ সালের অবসেসড ফেস্ট-এ হঠাৎ উপস্থিত হয়ে তিনি সেই বিষয়টিই প্রমাণ করলেন। শনিবার আয়োজিত এ বিশেষ অনুষ্ঠানে অফ ক্যাম্পাস প্যানেল পরিচয় করিয়ে দিতে মঞ্চে ওঠেন জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ। এ সময় তার সঙ্গে ছিলেন সিরিজটির অভিনয়শিল্পী বেলমন্ট ক্যামেলি, এলা ব্রাইট, স্টিফেন ক্যালিন, মিকা আবদাল্লা, আন্তোনিও সিপ্রিয়ানো, জ্যালেন থমাস ব্রুকস ও জশ হিউস্টন। পাশাপাশি উপস্থিত ছিলেন সিরিজটির নির্মাতা ও শোরানার লুইসা লেভি।

‘অফ ক্যাম্পাস’ সিরিজে জেনিফার লোপেজের একটি স্মরণীয় উপস্থিতির উল্লেখ রয়েছে। সিরিজের হ্যালোইন পর্বে মিকা আবদাল্লার অভিনীত অ্যালি চরিত্রটি জেনিফার লোপেজের বিখ্যাত সবুজ ভার্সাচে পোশাক পরে এবং তার জনপ্রিয় গান ‘অন দ্য ফ্লোর’-এর সঙ্গে নাচে। গল্পের গুরুত্বপূর্ণ এ মুহূর্তেই অ্যালির সঙ্গে প্রথম দেখা হয় ভবিষ্যৎ প্রেমিক ডিনের, যার চরিত্রে অভিনয় করেছেন স্টিফেন ক্যালিন।

এদিন ভক্তদের জন্য অনুষ্ঠানে আরও চমক নিয়ে আসেন লোপেজ। তিনি সরাসরি পরিবেশন করেন তার নতুন গান ‘এভরিথিং’স ফাইন (পিএম) এবং বহুল জনপ্রিয় ‘অন দ্য ফ্লোর’।

এলে কেনেডির একই নামের জনপ্রিয় বই সিরিজ অবলম্বনে নির্মিত ‘অফ ক্যাম্পাস’ ইতোমধ্যে প্রাইম ভিডিওর অন্যতম সফল সিরিজে পরিণত হয়েছে। অ্যামাজনের মালিকানাধীন স্ট্রিমিং প্ল্যাটফর্মটির তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম ১২ দিনে সিরিজটি বিশ্বজুড়ে ৩ কোটি ৬০ লাখ দর্শক দেখেছেন। এ সময়ে দর্শকসংখ্যার বিচারে এটি প্রাইম ভিডিওর তৃতীয় বৃহত্তম সিরিজ অভিষেক, যার ওপরে রয়েছে কেবল ‘দ্য লর্ড অফ দ্য রিংস : দ্য রিংস অফ পাওয়ার’ এবং ‘ফলআউট’।

বই সিরিজটির প্রথম খণ্ড ‘দ্য ডিল’ থেকে শুরু হওয়া কাহিনিতে প্রতিটি বইয়ে নতুন কিন্তু পারস্পরিকভাবে সংযুক্ত একেকটি প্রেমের গল্প তুলে ধরা হয়েছে। টেলিভিশন রূপান্তরেও সেই ধারা বজায় রাখার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। প্রথম মৌসুমে দেখানো হয়েছে সংগীত শিক্ষার্থী হান্না ওয়েলস এবং হকি তারকা গ্যারেট গ্রাহামের প্রেমের গল্প।

সিরিজটির পরবর্তী কিস্তিতে রূপায়িত হবে কেনেডির তৃতীয় উপন্যাস ‘দ্য স্কোর’। এতে কেন্দ্রীয় চরিত্র হিসাবে থাকবেন ডিন ডি লরেনটিস এবং উচ্চাকাঙ্ক্ষী অভিনেত্রী অ্যালি হেইস। প্রথম মৌসুমেই এ দুই চরিত্র দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।

হলিউডে আয়োজিত অবসেসড ফেস্ট ছিল তরুণ প্রজন্মের দর্শকদের জন্য বিশেষ আয়োজন। দিনব্যাপী এ অনুষ্ঠানে প্যানেল আলোচনা, ফটো সেশন এবং ভক্তদের সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগ রাখা হয়। অফ ক্যাম্পাস ছাড়াও দ্য লাভ হাইপোথিসিস, ওভারকমপেনসেটিং, ইভরি ইয়ার আফটার, এলি, দ্য ডেভিল’স মাউথ, মাই ফল্ট : লন্ডন, ম্যাক্সটন হল, দ্য লাস্ট সানরাইজ, ড্রন টুগেদার এবং রেড হোয়াইট অ্যান্ড রয়েল ব্লু ওয়েডিং-এর কলাকুশলীসহ আরও অনেক তারকাশিল্পী এতে অংশ নেন।