ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির পর থেকেই দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে অরিজিনাল ফিল্ম ‘লাইফলাইন’। গত ২১ জুন মুক্তি পাওয়া বিদ্যা সিনহা মিম অভিনীত সিনেমাটি গল্প, অভিনয় এবং সচেতনতামূলক বার্তার জন্য ইতিবাচক আলোচনা তৈরি করেছে।
সম্প্রতি রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর অডিটোরিয়ামে সিনেমাটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন চলচ্চিত্রটির শিল্পী, কলাকুশলী, সাংবাদিক এবং কনটেন্ট ক্রিয়েটররা। প্রদর্শনী শুরুর আগে সিনেমাটির সম্পাদক ময়ূখ বারীর বাবার মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করে শ্রদ্ধা জানানো হয়।
প্রদর্শনী শেষে সিনেমাটি নিয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। কথা বলতে গিয়ে তিনি কান্না ধরে রাখতে পারেননি। সিনেমাটিতে বাবা-মেয়ের চরিত্রে অভিনয় করেছেন খায়রুল আলম সবুজ ও মিম। প্রতিক্রিয়া জানাতে গিয়ে আবেগে ভারী হয়ে আসে খায়রুল আলম সবুজের কণ্ঠও।
ফিল্মে মিম ও রেজওয়ান পারভেজ-এর অভিনয়ের পাশাপাশি বিশেষ প্রশংসা কুড়িয়েছেন আ খ ম হাসান। ওটিটিতে তাকে তুলনামূলক কম দেখা যাওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘এটা পরিচালকরা ভালো বলতে পারবেন। আমি অভিনেতা, যেখানে কাজের সুযোগ পাই, সেখানেই কাজ করি।’
নিজের চরিত্র নিয়ে তিনি আরও বলেন, ‘পর্দায় আমার চরিত্র দেখে যেন ওই চরিত্রকেই মনে হয়েছে, আ খ ম হাসানকে নয়। এটি পরিচালক ও পুরো ইউনিটের সাফল্য।'
দর্শকদের মন জয় করেছে সিনেমাটির গান ‘আমারে নাও’। কাজী আসাদের কথায় এবং জাহিদ নিরবের সুর ও সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন ফাতিমা তুয যাহরা ঐশী। স্ক্রিনিং শেষে খালি গলায় গানটি পরিবেশন করে ঐশী জানান, শুরু থেকেই গানটির সঙ্গে তার গভীর আবেগের সম্পর্ক ছিল, আর সেই আবেগই শ্রোতাদের কাছেও পৌঁছেছে।
সিনেমার গল্প প্রসঙ্গে নির্মাতা কাজী আসাদ বলেন, ভালোবাসার টানে একজন মানুষ কত দূর যেতে পারে, কতটা ত্যাগ স্বীকার করতে পারে- সেই প্রশ্নকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে ‘লাইফলাইন’। শহুরে এক তরুণীর দুর্গম যাত্রার মধ্য দিয়ে ভালোবাসা, সম্পর্ক ও মানবিক অনুভূতির গল্প তুলে ধরা হয়েছে এতে।
‘লাইফলাইন’-এ আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, নাজনীন হাসান চুমকি, আনিসা নূর আয়াত এবং ফাতেমাতুজ জোহরা ইভা।
এলআইএ








